Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু, খরচ সাড়ে তিন কোটি টাকা

তারকেশ্বরে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু, খরচ সাড়ে তিন কোটি টাকা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরের বাসিন্দাদের জন্য সুখবর। তারকেশ্বরের প্রবেশদ্বার বাজিতপুর চৌমাথা থেকে চাউলপট্টি মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। প্রায় দু’ কিমি রাস্তায় বসবে পেভার ব্লক। খরচ হবে প্রায় সাড়ে তিন কোটি টাকা। এই রাস্তা তৈরি হয়ে গেলে সুবিধা হবে পুণ্যার্থীদেরও।
Advertisement
প্রতি বছর কয়েক লক্ষ পুণ্যার্থীর আগমন হয় এই শহরে। সড়কপথে গাড়িতে করে ও পায়ে হেঁটে বহু পুণ্যার্থী আসেন তারকেশ্বরে। এই রাস্তায় রনের খালের উপর সেতুটি ব্রিটিশ আমলে তৈরি। পরবর্তীকালে বেশ কয়েকবার সেটি মেরামত হয়েছে। বয়সের ভারে জীর্ণ হয়ে পড়েছে এই সেতু। শ্রাবণ মাসে এই রাস্তায় পুণ্যার্থীদের ঢল নামে। বাজিতপুর চৌমাথা থেকে চাউলপট্টি পর্যন্ত রাস্তা সম্প্রসারণের সময় চারটি পুরনো সেতু ভেঙে নতুনভাবে তৈরির পরিকল্পনা করা হয়েছে। সেতুগুলি প্রায় ২৩ ফুট চওড়া হবে। রাস্তা হবে ১৬ ফুট চওড়া। জনবহুল এই রাস্তাকে টেকসই করতে পেভার ব্লক দিয়ে তৈরির কথা ভাবা হয়েছে।
তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, শীঘ্রই এই গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। প্রথমে চারটি সেতু নির্মাণ করা হবে। তারপর হবে রাস্তার কাজ। ইতিমধ্যেই নির্মাণ সংস্থার কর্মীরা এসে পৌঁছেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর চৈত্র মাসে মেলা বসবে তারকেশ্বরে। নির্মাণ সংস্থাকে বলা হয়েছে, পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা দেখতে হবে। মেলাতেও মানুষ যাতে সহজে আসতে পারেন, তাও দেখতে হবে তাদের। তবে এত বড় কাজের জন্য স্থানীয় বাসিন্দাদের হয়তো একটু অসুবিধা হবে। তাঁদের সহযোগিতা চাওয়া হয়েছে। রাস্তার কাজ শেষ হলে তারকেশ্বর  অনেকটাই যানজট মুক্ত হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ