উজির আলি, চাঁচল: মালদহের মালতীপুর বিধানসভায় সামাজিক মাধ্যমে বিরোধীদের টক্কর দিতে মাঠে নামছে তৃণমূলের ডিজিটাল টিম। রবিবার দুপুরে মালতীপুর বিধানসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল যোদ্ধা’ গ্রুপের সূচনা করেন এলাকার তৃণমূল বিধায়ক তথা দলের মালদহ জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের মৎস্য, প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, ক্ষেমপুর অঞ্চল তৃণমূল সভাপতি প্রকাশ মণ্ডলসহ অন্যরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মালতীপুর বিধানসভার প্রতিটি পঞ্চায়েত থেকে একশো জন যুবকর্মীকে বেছে নিয়ে তৈরি করা হয়েছে এই টিম। সামাজিক মাধ্যমে সক্রিয় ভূমিকা পালনের জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে সকলকে। তাঁরা রাজ্য, জেলা ও বিধানসভা স্তরে তৃণমূল নেতৃত্বের পেজ, ভিডিও ও বিভিন্ন কনটেন্ট নিয়মিত অনুসরণ করে সেগুলি প্রচার করবেন। পাশাপাশি, এলাকায় বিভিন্ন দলীয় কর্মসূচি, উন্নয়নমূলক প্রকল্প ও সরকারের কাজকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও থাকবে তাঁদের কাঁধে।
বিজেপি সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ও উত্তেজনামূলক পোস্ট ছড়িয়ে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভুয়ো প্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতেই ডিজিটাল যোদ্ধাদের নামানো হচ্ছে বলে দাবি করেন রহিম। বলেন, বিজেপি বিভাজন সৃষ্টি করছে। সামাজিক মাধ্যমেই তারা অপপ্রচার করে। বিজেপির মোকাবিলায় আমাদের ডিজিটাল যোদ্ধারা সক্রিয় থাকবে। এদিন নাম না করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে রহিম বলেন, বিজেপির এক নেতা আমার এলাকায় এসেছিলেন। এদের এক কান কাটা। আরেক কানও কেটে ফেলুন, যাতে সাধারণ মানুষ সহজে শনাক্ত করতে পারেন। মূলত, শনিবার মালতীপুরে এসেছিলেন সুকান্ত। তাঁকে ইঙ্গিত করেই রহিম এই মন্তব্য করেন।
পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। দলের উত্তর মালদহ জেলা সাধারণ সম্পাদক অভিষেক সিঙ্ঘানিয়া বলেন, কান কাটা নেতা রহিম বক্সি আজ তৃণমূলে। আগে ছিলেন আরএসপিতে। মানুষ সব দেখছেন। এবার মালদহ সহ মালতীপুরে তৃণমূলকে উপড়ে ফেলার সময় এসে গিয়েছে।