Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬

জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারের অডিয়ো প্রকাশের হুশিয়ারি তৃণমূলের

জ্ঞানেশ কুমার দাম্ভিক, একনায়কতন্ত্রে বিশ্বাসী, বদমেজাজি, পক্ষপাতদুষ্ট— এই অভিযোগ সামনে রেখে তৃণমূল তাদের হাতে আসা প্রায় সাড়ে চার ঘণ্টার অডিয়ো ক্লিপ শীঘ্রই ফাঁস করবে বলে মঙ্গলবার হুমকি দিল।

জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারের অডিয়ো প্রকাশের হুশিয়ারি তৃণমূলের
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জ্ঞানেশ কুমার দাম্ভিক, একনায়কতন্ত্রে বিশ্বাসী, বদমেজাজি, পক্ষপাতদুষ্ট— এই অভিযোগ সামনে রেখে তৃণমূল তাদের হাতে আসা প্রায় সাড়ে চার ঘণ্টার অডিয়ো ক্লিপ শীঘ্রই ফাঁস করবে বলে মঙ্গলবার হুমকি দিল। দলের এক পদাধিকারী সাংসদ বলেন, এসআইআর পর্ব থেকে জ্ঞানেশ কুমারকে ৯ টি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাব তো দূর, একটিরও প্রাপ্তি স্বীকার করেননি। কমিশনের সঙ্গে বিজেপির যোগসূত্রের প্রমাণও রয়েছে। তৃণমূলকে বিপাকে ফেলতে জ্ঞানেশ কুমার ক্ষমতার অহংকারও দেখিয়েছেন দাবি করে মমতাপন্থী ওই নেতা বলেন, তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে কমিশনের ডাকা বৈঠকেই জ্ঞানেশ কুমার বলেছেন, গেট লস্ট। বেরিয়ে যান। বলেছেন, তৃণমূলের প্রতীক এবং দলের নাম বাতিল করে দেওয়ার ক্ষমতা আমার আছে।

Advertisement

গত বছর ২৮ নভেম্বর, ৩১ ডিসেম্বর, চলতি বছরের ৮ এপ্রিল, ১২ এবং ১৭ সেপ্টেম্বরের মতো বিভিন্ন সময়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশির সঙ্গে বৈঠক করেছে তৃণমূল। কখনো অভিষেক, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। সেই সব বৈঠকে উভয়ের আলোচনায় জ্ঞানেশ কুমার কী বলেছেন, কীভাবে তৃণমূলকে দমিয়ে রাখার চেষ্টা করেছেন, বদমেজাজ দেখিয়েছেন, পাশে বসা দুই কমিশনারকে একটি কথাও বলতে দেননি—তার যাবতীয় তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে বলেই দাবি করেছে তৃণমূল। মোবাইলে তার কিছু নমুনাও ঘনিষ্ঠ মহলে শুনিয়েছেন দলের এক সাংসদ। এবার তা শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে বলেই কমিশনকে কোণঠাসা করার পরিকল্পনা করেছে তৃণমূল। 
তারই মধ্যে তৃণূমূলের প্রাক্তন সাংসদ সাকেত গোখলের হাতে আসা আরটিআইয়ের তথ্য বলছে, ফর্ম-সিক্স বদল সংক্রান্ত কোনো অনুমোদন সরকারের কাছে নেয়নি কমিশন। ফলে বিষয়টি নিয়ে আগামী দিনে তৃণমূল জ্ঞানেশ কুমার ইস্যুতে চাপ বাড়াবে। অডিও ক্লিপের বিষয়টি আজ ইন্ডিয়া জোটের বৈঠকেও উত্থাপন করা হতে পারে বলে জানা গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ