Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে সিউড়িতে পদযাত্রা তৃণমূলের

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা ভারতীয় সেনার অপারেশন সিন্দুর চূড়ান্ত সাফল্য পেয়েছে।

সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে সিউড়িতে পদযাত্রা তৃণমূলের
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা ভারতীয় সেনার অপারেশন সিন্দুর চূড়ান্ত সাফল্য পেয়েছে। দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ ও কৃতজ্ঞতা জানিয়ে শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের তরফে শ্রদ্ধাজ্ঞাপন পদযাত্রা আয়োজিত হয়। 

Advertisement

বীরভূম জেলার সিউড়িতে শহর তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত পদযাত্রায় পা মিলিয়ে ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পুরসভার পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন তাঁরা জাতীয় পতাকা হাতে পথ হাঁটেন। দলীয় কার্যালয় সংলগ্ন এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে। পরবর্তীতে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছে পদযাত্রা শেষ হয়। বিধায়ক শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করে জানিয়েছেন, দেশ সেবায় নিয়োজিত সেনাবাহিনীর পাশে আমরা দেশবাসী রয়েছি। 
সিউড়ির পাশাপাশি দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের তরফেও বীর সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। একইভাবে বীর সেনাদের শ্রদ্ধাজ্ঞাপনে বোলপুরের রেল ময়দান থেকে পদযাত্রা শুরু হয়। শহর তৃণমূল নেতৃত্বদের তরফে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। পদযাত্রায় পা মিলিয়ে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তৃণমূলের শহর সভাপতি সুকান্ত হাজরা সহ বোলপুর পুরসভার কাউন্সিলাররা। 
শহর পরিক্রমা করে ফের রেল ময়দানে পৌঁছে পদযাত্রার সমাপ্তি হয়। চন্দ্রনাথবাবু বলেন, ভারতীয় সেনারা পাকিস্তানকে যেভাবে সবক শিখিয়েছে তারজন্য তাঁদের সম্মান জানাতেই হয়। এটা কোনও দলীয় মিছিল নয়, দেশের জাতীয় পতাকা হাতে পদযাত্রা হয়েছিল। সেজন্য বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই এদিনের পদযাত্রায় অংশ গ্রহণ করেছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ