নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে সাক্ষাৎ ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন সভাপতি শিবম রায় বসুনিয়ার। সোমবার ময়নাগুড়ির জল্পেশ শিবমন্দিরে পুজো দিতে আসেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের তরফে দায়িত্বপ্রাপ্ত বিজেপির এ রাজ্যের সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। পেশায় শিক্ষক শিবম স্কুল ছেড়ে মন্দিরে এসে ওই বিজেপি নেতার সঙ্গে দেখা করেন। বিপ্লব দেবের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেন বিজেপির জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমানে দলের শিলিগুড়ি জোনালের কনভেনর বাপি গোস্বামী। এনিয়ে জল্পনা ছড়িয়েছে।
শিবম রায় বসুনিয়ার বাবা শশাঙ্ক রায় বসুনিয়া তৃণমূলের ময়নাগুড়ি দু’নম্বর ব্লকের সভাপতি ছিলেন। শিবমের মা মীরা রায় বসুনিয়া দীর্ঘদিন মাধবডাঙা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্য ছিলেন। যদিও তাঁরা কেউই এখন তৃণমূলে সক্রিয় নেই। এই পরিস্থিতিতে এদিন শিবম ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় ময়নাগুড়িতে চর্চা শুরু হয়েছে, তাহলে কি এবার তাঁরা বিজেপিতে যোগ দিতে চলেছেন? যদিও এদিন শিবম বলেন, জল্পেশ মন্দিরের পাশেই আমার স্কুল। মন্দিরে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী পুজো দিতে এসেছেন শুনে দেখতে গিয়েছিলাম। এখন কোনও বিজেপি নেতা যদি আমাকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেন, আমার কী বলার আছে। শিবমের দাবি, আমি তৃণমূলেই আছি। বিজেপিতে যোগ দিচ্ছি না।
যদিও তাঁর বাবা শশাঙ্ক রায় বসুনিয়ার কথায় অন্য ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, আমি দলের ব্লক সভাপতি থাকাকালীন ময়নাগুড়িতে তৃণমূলের ভোটের ফল অনেক ভালো হয়েছে। কিন্তু গত কয়েক বছর ধরে দলের নেতারা কেউ আমাকে ডাকেন না। এতে যথেষ্টই অভিমান রয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে তাঁর বক্তব্য, এখনও তেমন কোনও সিদ্ধান্ত নিইনি। প্রস্তাব পেলে ভেবে দেখব।
বিপ্লব দেবের সঙ্গে শিবম রায় বসুনিয়ার সাক্ষাৎ প্রসঙ্গে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, তিনি অনেক দিন ধরেই দলের কাজ করছেন না। কেন বসে রয়েছেন, জানা নেই। কার সঙ্গে তিনি দেখা করেছেন, খোঁজ নিচ্ছি।
জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় অবশ্য বলেন, তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য অনেকেই পা বাড়িয়ে রয়েছেন। সময় হলেই সবটা দেখতে পাবেন।