Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হুমকির অভিযোগ, পঞ্চায়েত প্রধানের ভাইপোর বিরুদ্ধে থানায় তৃণমূল নেত্রী

দলীয় নেত্রীকে প্রাণে মারার হুমকি ও তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে

হুমকির অভিযোগ, পঞ্চায়েত প্রধানের  ভাইপোর বিরুদ্ধে থানায় তৃণমূল নেত্রী
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: দলীয় নেত্রীকে প্রাণে মারার হুমকি ও তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে গোপালনগর ২ নম্বর ব্লকে। জানা গিয়েছে, ব্লকের সহ সভানেত্রী কবিতা সরকারকে বেশ কিছুদিন ধরে হুমকি দিচ্ছিল স্থানীয় বাসিন্দা রকি হাজরা। রকি স্থানীয় চৌবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের প্রধান তপন হাজরার ভাইপো। অভিযোগ, গত ৮ মার্চ রাতে মেয়েকে নিয়ে ঘরে শুয়েছিলেন কবিতা সরকার। রাত ১টা নাগাদ জানালার কাচ ভেঙে কেউ বা কারা ঘরে টর্চের আলো ফেলে। ক্যামেরায় ছবি তোলার চেষ্টা করে। কবিতাদেবী তড়িঘড়ি ঘুম থেকে উঠে দেখেন, বাইকে চেপে চলে যাচ্ছে অভিযুক্ত। কবিতা সরকারের অভিযোগ, অভিযুক্ত দুষ্কৃতী রকি হাজরা হতে পারে। অভিযোগ, প্রায় দশ বছর ধরে রকি হাজরা তাঁকে নানাভাবে বিরক্ত করছিল। অতীতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছিল। এমনকি, মেয়েকে অপহরণের হুমকি দিয়েছিল বলেও রকির বিরুদ্ধে অভিযোগ। কবিতা সরকার বলেন, দলে পদ পাওয়ায় তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। কবিতাদেবীর অভিযোগ, এর পিছনে দলের একাংশের মদত রয়েছে। দলের নেতৃত্বকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় থানার দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান তপন হাজরা। গোষ্ঠী কোন্দলের অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দল দীর্ঘদিনের। এই কোন্দল সর্বত্র ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ