নিজস্ব প্রতিনিধি, বারাসত: নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের ঘোষণা করতেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। আর এই পর্বে ‘আগে থেকে ঠিক করা’ সমর্থন নিয়েই এবার মমতাকে বিঁধল বিজেপি। রবিবার দুপুরে মধ্যমগ্রামের একটি কালীপুজোর খুঁটিপুজোয় আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর এখানে এসে সুকান্তর কটাক্ষ, একসময় কংগ্রেসকে নিয়ে তৃণমূল খিল্লি করত, মজা করত। তৃণমূল কংগ্রেসকে বলত সাইনবোর্ড হয়ে গিয়েছে। এখন সেটা হয়েছে তৃণমূল। তাই এখন কংগ্রেস সেটা করছে। আসলে দুটিই সাইনবোর্ড হয়ে যাওয়া দল। কে কার কাঁধে চাপবেন, তা নিয়েই লড়াই।



