তৃণমূল নেতার পরিবারের দোকান কেড়ে নিল বিজেপি
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ডানলপ সুপার মার্কেটের ফুটপাতে এক তৃণমূল নেতার পরিবারের কয়েক দশকের পুরনো দোকান। সেই অস্থায়ী দোকান গায়ের জোরে তুলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে বাজারে চাঞ্চল্য ছড়ায়। যদিও বিজেপি নেতৃত্ব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। 

Advertisement

ডানলপ সুপার মার্কেটের ফুটপাতে বরানগরের কাউন্সিলার শান্তনু মজুমদারের (মেজো) পরিবারের দোকান রয়েছে। ওই দোকান আগে শান্তনুবাবুর জ্যাঠু প্রশান্ত মজুমদারও চালাতেন। বছর পাঁচেক ওই দোকানে শান্তনুবাবুও বসতেন। এখন শান্তনুবাবুর ভাই সাগর বসে ব্যবসা করেন। শান্তনুবাবু বলেন, ৩০-৩৫ বছরের পুরনো দোকান। কালীপুজোর সময় আতশবাজির দোকান দেওয়া হয়। তার লাইসেন্স রয়েছে। মঙ্গলবার রাত থেকে বিজেপির লোকেরা এসে জোর করে আমাদের সরিয়ে ওদের লোকেদের দোকানে বসানোর জন্য চাপ দিতে শুরু করে। তাই বাধ্য হয়ে সমাজমাধ্যমে সমস্ত কিছু জানিয়ে ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। বিজেপির চার নম্বর মণ্ডলের সভাপতি সৌমেন মিস্ত্রি বলেন, আমি বিষয়টি সমাজমাধ্যমে দেখেছি। প্রাথমিকভাবে জেনেছি এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়। আমি শুক্রবার নিজে বাজারে গিয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলব। জোর করে কোনও ব্যবসায়ীকে সরিয়ে দেওয়া বা দোকান কেড়ে নেওয়ার রাজনীতি বিজেপি করবে না।