ট্রাফিক পুলিশকে মারধর, নিউটাউনে গ্রেপ্তার কোচিং সেন্টারের তিন শিক্ষক
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশকর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন একটি বেসরকারি আইআইটি কোচিং প্রতিষ্ঠানের তিনজন শিক্ষক। বুধবার রাতে নিউটাউনের সিটি সেন্টার ২ থেকে আকাঙ্ক্ষা মোড়ের মধ্যবর্তী রাস্তায় ওই পুলিশকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করার পাশাপাশি রাস্তায় ফেলেও মারা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মনমোহন বেহেরা, নীতীশকুমার সাহু এবং শুভজিৎ চক্রবর্তী। মনমোহন ও নীতীশ ঝাড়খণ্ডের বাসিন্দা। শুভজিৎ উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

কর্মসূত্রে ওই তিনজনই নিউটাউনে থাকেন। তাঁরা একটি নামী বেসরকারি কোচিং প্রতিষ্ঠানের শিক্ষক। সেখানে আইআইটি-জেইই (মেইন ও অ্যাডভান্সড), নিট-ইউজি, এনটিএসই এবং আন্তর্জাতিক ওলিম্পিয়াডের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ, প্রস্তুতি চলে। পুলিশ জানিয়েছে, ধৃত তিনজন একটি বাইকে করে রাস্তার উলটোদিক দিয়ে যাচ্ছিলেন। নোয়াপাড়া ট্রাফিক সিগন্যালের কাছে দাঁড়িয়ে থাকা একটি অ্যাপ ক্যাবের সঙ্গে তাঁদের বাইকের ধাক্কা লাগে। তা নিয়ে ক্যাব চালকের সঙ্গে বচসা শুরু হয়। পুলিশকর্মীরা পরিস্থিতি সামাল দিতে গেলে ওই তিনজন মিলে এক ট্রাফিক অফিসারের উপর চড়াও হন। পুলিশের দাবি, ঘটনার সময় তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। অভিযুক্তরা ওই পুলিশকর্মীকে আচমকা মারধর করেন। হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাতও করা হয়। সাহায্যের জন্য ওই পুলিশকর্মী ওয়াকিটকিতে যোগাযোগের চেষ্টা করলে সেটিও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কোনোভাবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ। তারপর তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।