হাড়ালে প্রকাশ্যে শব্দবাজি বিক্রি,  আচমকা দোকানে হানা পুলিশের
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: হাড়ালে প্রকাশ্যে দোকানে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ শব্দবাজি। বৃহস্পতিবার সন্ধ্যায় হাড়াল বাজারে আচমকা অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার বিশেষ টিম। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, বারুইপুরের এসডিপিও অনুপ্রিয়া চৌধুরী ও বারুইপুর থানার আই সি শান্তনু মিত্র। দোকানে ঢুকে শব্দ বাজি বিক্রি করা হচ্ছে দেখে পুলিশ তাজ্জব বনে যায়। সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় সেইসব শব্দবাজি। কড়া ভাষায় সতর্ক করা হয় ওই ব্যবসায়ীদের। এই প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, রোজই অভিযান চালানো হচ্ছে। এদিন প্রায় ২০০ কেজি নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করা হয়েছে। ব্যবসায়ীদের বারংবার সতর্ক করার পরেও এই কাজ তাঁরা করছেন। এরপরে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁদের জানানো হয়েছে। ব্যবসায়ী সমিতিও আমাদের সঙ্গে সহযোগিতা করছে।

Advertisement

এদিন দোকানে দোকানে দেখা যায় সবুজ বাজির পাশেই বিক্রি হচ্ছে শব্দবাজিও। অনেকে আবার পুলিশ আসার খবর পেয়ে তা লুকিয়ে ফেলেন। হাড়াল ব্যাবসায়ী সমিতি থেকে মাইকে নিষিদ্ধ বাজি বিক্রি নিয়ে ঘোষণা করা হয়েছে। তারপরেও কীভাবে প্রকাশ্যে শব্দবাজি বিক্রি হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।