Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রীর তিন দিনের সফরের পর উজ্জীবিত তৃণমূল, ভোটার তালিকা সংশোধন ও শিল্পায়ন নিয়ে ঝাঁপাচ্ছে

মুখ্যমন্ত্রীর তিন দিনের সফরের পর উজ্জীবিত তৃণমূল, ভোটার তালিকা সংশোধন ও শিল্পায়ন নিয়ে ঝাঁপাচ্ছে
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের সফরের পর শিলিগুড়িতে উজ্জীবিত তৃণমূল কংগ্রেস। তারা ভুয়ো ভোটারের বিরুদ্ধে তৎপরতা আরও বাড়াচ্ছে। সমীক্ষার নামে ঘোরাঘুরি করা টিম সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। একই সঙ্গে চা বাগান ও গ্রামীণ উন্নয়ন, শিল্প স্থাপন, স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম প্রভৃতি প্রচার অভিযানে ঝাঁপানোর পরিকল্পনা নিয়েছে তারা। এক্ষেত্রে তারা মুখ্যমন্ত্রীর বক্তব্যের রেকর্ডিং নিয়ে গ্রামে গ্রামে সভা করার কথা ভাবছে।

Advertisement

১৯ থেকে ২১ মে পর্যন্ত শিলিগুড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন, বাসিন্দাদের মধ্যে সরকারি পরিষেবা প্রদান ও প্রশাসনিক সভা করেন। এই সফরে দলীয় নেতা-কর্মীদের ভোটার তালিকা তৈরির কাজে নজরদারি দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো হচ্ছে। সর্ষের মধ্যেই ভূত রয়েছে। তাই বিষয়টি ভালোমতো দেখতে হবে।
দলের সর্বময় নেত্রীর এমন বার্তা পেয়ে ভোটার তালিকা নিয়ে ফের নড়েচড়ে বসেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। দলের শিলিগুড়ির বুথ লেভেল এজেন্ট-১ তথা দলের জেলা সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ বলেন, দলের রাজ্য কমিটির নির্দেশে ভোটার তালিকায় নাম তোলা ও বাদ পড়ার বিষয়টি নিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করছিলাম। ইতিমধ্যে অধিকাংশ বুথে সমীক্ষার কাজ শেষ হয়েছে। শীঘ্রই দলের বুথ স্তরের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে ভোটার তালিকায় কত নতুন নাম উঠেছে, আর কত নাম বাদ পড়েছে, সেই লিস্ট প্রস্তুত করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বার্তা অনুসারে নির্বাচন দপ্তরের প্রতিটি অফিস পরিদর্শন করব। তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে স্মারকলিপি দেব।
বহিরাগতদের উপরও নজরদারি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে পাপিয়া জানান। তিনি বলেন, সার্ভের নাম করে অনেকে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে। অনেকে আবার বাইরে থেকে এসে বসবাস করছে। বুথ লেভেল এজেন্টদের মাধ্যমে এসব বিষয়েও খোঁজখবর রাখছি।
একই সঙ্গে চা বাগান ও গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন, মন্দির ও দর্শনীয় স্থান ঢেলে সাজানো, মহিলাদের স্বনির্ভর করা প্রভৃতি বিষয়ে মুখ্যমন্ত্রী একগুচ্ছ বার্তা দিয়েছেন। এনিয়ে গ্রামে গ্রামে প্রচার চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর তিন দিনের সফরের ভিডিও ফুটেজ গ্রাম ও পাড়া বৈঠকে দেখান হবে। দলের দার্জিলিং জেলা চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল বলেন, দিদির সফরে আমরা সবা‌ই উজ্জীবিত। এখন আমরা শিল্প স্থাপন, স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের শপিংমল নির্মাণ, চা বাগানের শ্রমিকদের সুযোগ-সুবিধা প্রদান, গ্রামীণ উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে লাগাতার প্রচার অভিযানে নামব।

Advertisement
সম্পর্কিত সংবাদ