Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার শহরে লিডের আশায় তৃণমূল, বাড়ি বাড়ি যাচ্ছেন কাউন্সিলাররা

সংগঠনের শক্তিতে এবার ইসলামপুর শহরে তৃণমূল কংগ্রেস লিড পাবে।

এবার শহরে লিডের আশায় তৃণমূল, বাড়ি বাড়ি যাচ্ছেন কাউন্সিলাররা
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাজল মণ্ডল, ইসলামপুর: সংগঠনের শক্তিতে এবার ইসলামপুর শহরে তৃণমূল কংগ্রেস লিড পাবে। প্রচারে মানুষের সাড়া পেয়ে এমনই দাবি করছেন ইসলামপুরের তৃণমূল প্রার্থী তথা পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। আগে একাধিক নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরিচালিত ইসলামপুর শহরে পিছিয়ে ছিল তৃণমূল। তবে এবার লিড নিতে মরিয়া দলের নেতাকর্মীরা।  

Advertisement

শহরের ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৪ টিতে তৃণমূলের কাউন্সিলার। এর মধ্যে কয়েকটি ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত। কানাইয়ালাল ২৬ বছর ধরে পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর দাবি, প্রতিটি ওয়ার্ডে দলের শক্তিশালী কমিটি আছে। বহু নেতা, কর্মী দলের হয়ে ভোট প্রচার করছেন। তৃণমূল প্রার্থীর আশা, শহরে এবার লিড থাকবে দলের। যদিও বিজেপির দাবি, এবারও শহরের মানুষ তৃণমূলকে ভোট দেবে না। শহরের মানুষ বিজেপির সঙ্গেই আছে।
পুরসভা তৈরির আগে কানাইয়ালাল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। পুরসভা হওয়ার পর থেকে ২৬ বছর টানা চেয়ারম্যানের পদে কানাইয়ালাল। তাঁর আশা, শহরের মানুষ এবারের বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট দেবে। কানাইয়ালাল বলেন, শহরের প্রতিটি মানুষকে আমি চিনি। তারাও আমাকে চেনে। সকলের সঙ্গে সুসম্পর্ক আছে। পাশাপাশি আমাদের সংগঠনও মজবুত। বিরোধীদের তেমন সংগঠন নেই। বিপদে-আপদে আমারাই মানুষের পাশে দাঁড়াই। তৃণমূলের টাউন সভাপতি বাপি পাল চৌধুরী বলেন, ১৭ টি ওয়ার্ডেই আমাদের মজবুত সংয়ঠন আছে। কাউন্সিলার ও ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে মহিলা, ছাত্র, যুব, শ্রমিক, সংখ্যালঘু সমস্ত শাখা সংগঠন কাজ করছে। এবার লিড নিশ্চিত।
প্রার্থী ঘোষণা হওয়ার পরই কানাইয়া শহরের কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেছেন। শহরে লিড কেন হচ্ছে না, কোথায় খামতি রয়েছে, সে নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। কাউন্সিলারদের বার বার ভোটারদের বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার পুর চেয়ারম্যান নিজেই প্রার্থী। দলীয় সূত্রে খবর, কাউন্সিলাররা নিজের বুথে লিড দিতে না পারলে চেয়ারম্যানের গুডবুকে থাকা হবে না। তা বুঝতে পেরে কাউন্সিলাররাও মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। তৃণমূলের আশা, সকলের কঠোর পরিশ্রমে জোড়াফুল শহরে লিড পাবে। 
যদিও তৃণমূলকে পাত্তা দিতে নারাজ বিজেপি নেতা সুরজিৎ সেন। তিনি বলেছেন, তৃণমূল প্রতিবারই লিড পাওয়ার দাবি করে। কিন্তু প্রতিবারই তাদের মুখে চুনকালি পড়ে। এবারও তাই হবে। শহরের মানুষ কানাইয়াবাবুকে ভালো করেই চিনতে পেরেছে। ফলাফলের মধ্য দিয়ে তৃণমূল উচিত জবাব পাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ