আবাসে কাটমানির অভিযোগ, দেগঙ্গায় গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ। অবশেষে গ্রেপ্তার দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুকান্ত রায়। আজ, সোমবার তাঁকে আদালতে তোলা হবে। অভিযোগকারী রামনাথপুরের বাসিন্দা শিবদাস মুখোপাধ্যায়। তিনি প্রাক্তন পুলিশকর্মী। তাঁর অভিযোগ ছিল, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকার পর জমির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন উপপ্রধান। সেই সূত্রে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকাও নেন সুকান্ত। জমির ব্যবস্থা করে দেওয়ার নামে আরও পাঁচ হাজার টাকা নেন উপপ্রধান ও তার দলবল। কিন্তু জমি মেলেনি। তাই বাড়ির কাজও শুরু করতে পারেননি শিবদাস। পরে দেগঙ্গা থানা, বিডিও এবং অতিরিক্ত জেলাশাসকের কাছে অভিযোগ জানান তিনি। নির্বাচনের ফল প্রকাশের পর উপপ্রধান ২০ হাজার টাকা ফেরত দেন বলেও দাবি শিবদাসের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্ষেত্রে কড়া বার্তা দিয়েছেন। তারপরেই তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশ। এ নিয়ে বিজেপি নেতা তরুণকান্তি ঘোষ বলেন, অপেক্ষা করুন অনেক তৃণমূল নেতার একই হাল হবে। কেউই রেহাই পাবেন না।

Advertisement