Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছুটির দিনে ভোট প্রচারে ঝড় তুলল তৃণমূল, পাল্লা দিল অন্য দলগুলিও

ভোট প্রচারে জমজমাট বারাকপুর মহকুমা। রবিবার ছুটির দিনে উত্তর শহরতলি জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা, বাড়ি বাড়ি প্রচার কোনো কিছুই বাদ ছিল না।

ছুটির দিনে ভোট প্রচারে ঝড় তুলল  তৃণমূল, পাল্লা দিল অন্য দলগুলিও
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভোট প্রচারে জমজমাট বারাকপুর মহকুমা। রবিবার ছুটির দিনে উত্তর শহরতলি জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা, বাড়ি বাড়ি প্রচার কোনো কিছুই বাদ ছিল না। বিভিন্ন রাজনৈতিক দল এদিন প্রচারে ঝড় তোলার চেষ্টা করে। কেউ আবার দলীয় কর্মীর বাড়িতে পাত পেড়ে খাবারও খান। এদিন বিভিন্ন দলের প্রার্থীরা  বিভিন্ন জনবহুল বাজারে প্রচারে গিয়েছিলেন। সেখানে সাধারণ মানুষকে নিজেদের দলের সমর্থনে ভোট দেওয়ানোর চেষ্টায় কেউ কসুর রাখেনি। তবে তৃণমূলের জমাটি ভোট প্রচার ছিল চোখে পড়ার মতো।

Advertisement

এদিন দিনভর প্রচারে ঝড় তোলেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি সকালে ২১ নম্বর ওয়ার্ডের স্বাধীনপল্লি, পি সি লাহিড়ি লেন, কে সি ঘোষ রোড, বিধান পার্ক সহ আশপাশের এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ সারেন। তৃণমূল প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এরপর ১৭ নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড কলোনিসহ আশপাশের এলাকায় ভোট প্রচার করেন। বিকেল থেকে রাত পর্যন্ত ২৫,২৬,২৮,২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে কর্মিসভায় বিরোধীদের তুলোধোনা করেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী সজল ঘোষ সাতসকালে বাজারে পৌঁছে যান। তিনি আরআইসি বাজার এবং অশোকগড় বাজারে প্রচার চালান। পরে হরিসভা মোড় থেকে বরানগর পর্যন্ত পদযাত্রায় অংশ নেন তিনি। পরে ঝুলনতলা মোড়ে জমাটি প্রচার করেন। সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র মিলনগড় মিল্ক ডিপো এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। বিকেলে সিঁথির মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। ওই পদযাত্রায় বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু ও জনপ্রিয় যুব নেতা শতরূপ ঘোষ হাজির ছিলেন। ওই পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 
অন্যদিকে, বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী কাঁচরাপাড়া ১৫ নম্বর ওয়ার্ড, হালিশহরের ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার ও পথযাত্রা করেন। নোয়াপাড়ার বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি বারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বড়ো পোল, টিটাগড় পুরসভার টাটাগেটসহ ১৭ ও ২৩ নম্বর ওয়ার্ডে প্রচার করেন। অন্যদিকে, তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী বাড়ি বাড়ি জনসংযোগ ও পদযাত্রায় ঝড় তোলেন। তাঁর পদযাত্রায় মাথায় কলসি মাথায় নৃত্য, ঢাকের বোল অন্যমাত্রা এনে দেয়। এদিন বহু সাধারণ মানুষ তাঁর থেকে অটোগ্রাফ নেয়। পা ধুইয়ে তৃণমূল প্রার্থীকে পাড়ায় অভ্যর্থনা করার পাশাপাশি মিষ্টি মুখও করানো হয়। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য উত্তর বারাকপুর পুরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পদযাত্রা করেন। গারুলিয়া পুরসভার  ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসংযোগ করেন। পরে গারুলিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সূর্যনগরে শীতলাপুজোর অনুষ্ঠানে যোগ দেন। 
অন্যদিকে, এই কেন্দ্রের সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রচারে বেরোন। উত্তর দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার নিউ বারাকপুরে কর্মিসভায় যোগ দেন। দুপুরে মতুয়া সম্প্রদায়ের এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন। তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য ৭২ বছর বয়সেও তরুণ তুর্কি প্রার্থীদের কয়েক গোল দিলে অলিগলি চষে বেড়াচ্ছেন। এদিন সকালে নিউ বারাকপুরে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। বিকেলে উত্তর দমদমের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন। রাতে ৬ নম্বর ওয়ার্ডের পাটনা আম্বিকানগরে সভা করেন। একইভাবে দমদম, কামারহাটি, খড়দহ, নৈহাটিতেও প্রচারে ঝড় তোলেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ