মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: ২০২৬ সালে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সংগঠন গুছিয়ে নিতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের উদ্যোগে জেলার সোশ্যাল মিডিয়া শাখার কর্মীদের নিয়ে ইংলিশবাজার শহরে আলোচনা সভা করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যরা। মূলত সোশ্যাল মিডিয়া উইংকে শক্তিশালী করা এবং কর্মীদের উৎসাহ দিতেই এমন উদ্যোগ।
লিপিকা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে একাধিক প্রকল্প উপহার দিয়েছেন। সেগুলি বেশি করে প্রচারের উদ্দেশ্যে এদিন সোশ্যাল মিডিয়ায় কর্মীদের এক ছাদের তলায় নিয়ে আসা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর দেওয়া হবে।
আগামী দিনে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। তিনি বলেন, দলের সোশ্যাল মিডিয়া শাখার কর্মীরা উপস্থিত ছিলেন। কুকথায় রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা। ধর্মের সাহায্যে মানুষের বিভাজন করছে। সেসব অপপ্রচারের জবাব কীভাবে দিতে হবে, সেই বার্তা এদিন সোশ্যাল মিডিয়া শাখার কর্মীদের দেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মী জিয়াউল রহমান বলেন, আগামী বিধানসভা ভোটে জেলার ১২টি সিট দখল করার পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকার এবং জেলা পরিষদ থেকে জেলায় অনেক উন্নয়ন হয়েছে। আমাদের সেই কাজের কথা বেশি করে প্রচার করতে হবে।