সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: আমাকে জেতানোর দায়িত্ব ময়নাগুড়ির মহিলারা কাঁধে তুলে নিয়েছেন। মাতৃশক্তি ও গণদেবতার শক্তি সকাল থেকে রাত পর্যন্ত আমার ভোট প্রচারের পথ সুদৃঢ় করছে। মঙ্গলবার ময়নাগুড়ির খাগড়াবাড়ি-১ পঞ্চায়েত এলাকায় প্রচারে এসে এ কথায় বলেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়।
রামমোহন ময়নাগুড়িবাসীর চেনা মুখ। তিনি রাজনীতির ময়দানে নামার আগে থেকেই সমাজসেবা করেন। আর সেটাই যেন তাঁর বাড়তি অ্যাডভান্টেজ। তাঁর নামে একটি ফ্যান ক্লাবও রয়েছে ময়নাগুড়িতে। কারও রক্তের প্রয়োজন হলে সেই ক্লাবের সদস্যরা রক্ত দিতে এগিয়ে আসেন। তাই প্রার্থী রামমোহন যেসব এলাকায় যাচ্ছেন সেসব এলাকার বয়স্করা বিশেষ করে মায়েরা তাঁকে আশীর্বাদ করতে ছুটে আসছেন। বয়স্ক প্রত্যেকের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন রামমোহন। প্রচারে বেরিয়ে কোথাও ক্রিকেট, ক্যারম খেলতে নেমে পড়ছেন প্রার্থী। পাশাপাশি বাড়ির মেঠো দুয়ারে বসেই খুলি বৈঠক করছেন। ব্লকের খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের মহিলারা মঙ্গলবার রামমোহন রায়কে ফুল দিয়ে সংবর্ধিত করেন।
রামমোহন রায় বলেন, ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় নিয়মিত যাচ্ছি। কর্মীদের উচ্ছ্বাস এবং মায়েদের ভালোবাসায় শরীর থেকে যেন ক্লান্তি চলে গিয়েছে। গ্রাম-শহর সর্বত্র ঘুরে যেটা পাচ্ছি সেটা হল মাতৃশক্তি ও গণদেবতার শক্তি। বিভিন্ন এলাকায় জনসংযোগ করছি, পাশাপাশি খুলি বৈঠকেও অংশ নিচ্ছি। সর্বত্র ভালো সাড়া পাচ্ছি। মানুষ দু’হাত তুলে আশীর্বাদ করছে। প্রত্যেক মায়ের কাছে আমি তাঁর বাড়ির ছেলে রামমোহন।
অন্যদিকে, দলেই আকচাআকচিতে প্রচারেই আটকে পড়েছে পদ্ম শিবির। যদিও বিজেপির জলপাইগুড়ি জেলা সহ সভাপতি চঞ্চল সরকার বলেন, এবারও ময়নাগুড়ি আসনে জয় আমাদেরই হবে। আমরা ভোটের ব্যবধান বৃদ্ধিতে জোর দিয়েছি।