সংবাদদাতা, বিষ্ণুপুর: ইনিউমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে বুধবার রাতে পাত্রসায়রে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের যুবনেতা ও কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনায় দু’পক্ষের পাঁচজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে বিজেপির পাত্রসায়র মণ্ডলের যুব সভাপতি ও তৃণমূলের পাত্রসায়র ব্লক যুব সহ সভাপতি গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির এক নেতার বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাতেই পুলিশ এলাকায় যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, পাত্রসায়রের রামনগর এলাকায় দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, তৃণমূলের বিষ্ণুপুর জেলা সভাপতির নেতৃত্বে আমাদের এক নেতাকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে। বাড়ির মহিলাদেরও ছাড় দেওয়া হয়নি। পায়ের তলার মাটি সরে যাওয়ায় শাসক দল হিংসার আশ্রয় নিচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন, বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নির্দেশে আমাদের এক যুব সভাপতিকে প্রচণ্ড মারধর করা হয়েছে। তারই পাল্টা হয়েছে। হিংসার আশ্রয় নিলে আমাদের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে না। সেটা বিজেপি নেতাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলার দিকে হামিরপুর গ্রাম পঞ্চায়েতের রামনগরে ২১৩ নম্বর বুথ এলাকায় বিএলও বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছিলেন। তাঁর সঙ্গে তৃণমূল ও বিজেপির দুই বিএলএ ছিলেন। ওই সময় এসআইআর নিয়ে দুই বিএলএর মধ্যে বচসা হয়। পরে বিজেপির বিএলকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া এলাকায় গেলে তাঁকে তাড়া করা হলে তিনি এলাকা থেকে চলে যান। তখনকার মতো বিষয়টি থেমে যায়। ওইদিন রাতে পার্শ্ববর্তী নিমাইনগর গ্রামে বিজেপির যুব মণ্ডল সভাপতি স্বরূপ ঘোষ তাঁর দলবল নিয়ে যাত্রা দেখতে যান। সেখানে তৃণমূল কংগ্রেসের পাত্রসায়র ব্লকের যুব সহ সভাপতি মিলন কড়ির নেতৃত্বে বিজেপির নেতা ও কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই বিজেপি নেতা কর্মীরা তৃণমূল কর্মীদের পাল্টা মার দেয়। দু’পক্ষের মধ্যে কার্যত সংঘর্ষের চেহারা নেয়। তাতে তৃণমূলের যুব নেতা মিলন ও বিজেপির যুব নেতা স্বরূপ সহ দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। এরপরে রাতে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রতবাবুর নেতৃত্বে বিজেপির যুব নেতা স্বরূপের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁদের বাড়িতে যথেচ্ছভাবে ভাঙচুর চালানো হয়। বাড়ির মহিলাদেরও হেনস্তা করা হয় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাতেই পাত্রসার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। পরিস্থিতি শান্ত হয়। তবে ঘটনার পর থেকে এলাকায় চাপা আতঙ্ক রয়েছে। নিজস্ব চিত্র