নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোটোখাটো সমস্যা ছাড়া চিংড়িঘাটায় কলকাতা ট্রাফিক পুলিশের প্রথম দিনের ‘ট্রায়াল রান’ মোটের উপর সফল হয়েছে। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, ১৩ সেপ্টেম্বর ৪ ঘণ্টার ট্রায়াল রান হওয়ার কথা থাকলেও, রাত ১২ থেকে রাত ২টো পর্যন্ত দু’ঘণ্টার ট্রায়াল রান হয়েছে। প্রথম দিন হিসেবে ট্রায়াল রানের ফলাফল যথেষ্ট ইতিবাচক বলছে কলকাতা ট্রাফিক পুলিশ।
তবে প্রথম দিনের ট্রায়াল রানে চিংড়িঘাটায় ঘুরপথে যানবাহন চালাতে গিয়ে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে ট্রাফিক পুলিশকে। উঠে এসেছে বেশ কিছু নতুন বিষয়। লালবাজার সূত্রের দাবি, প্রথমত, মাঝরাতে মূল বাইপাস এড়িয়ে ভেড়ির উপর নির্মিত সার্ভিস রোড দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়ায়, প্রথম দিকে ধাতস্থ হতে কিছুটা সময় নেন চালকরা। ফলে প্রথমদিকে সামান্য যানজট হয়। দ্বিতীয়ত, নবনির্মিত সার্ভিস রোডে যানবাহনের মসৃণ গতির জন্য আলোর তীব্রতা আরও বাড়ানো দরকার। তৃতীয়ত, সার্ভিস রোডে মেট্রোর পিলারের গায়ে ‘রিফ্লেক্টর’ যুক্ত ‘সাইনেজ’ আরও লাগাতে হবে। চতুর্থত, সার্ভিস রোড তৈরির পর তা দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। ফলে তাতে ধুলো জমে যায়। প্রথমবার যান চালাতে গিয়ে, সেই ধুলো উড়ে দূষণ সংক্রান্ত সমস্যা হয়েছে। পঞ্চমত, এই যান নিয়ন্ত্রণ চলাকালে চিংড়িঘাটাতে বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে।
উল্লেখ্য, কলকাতা ট্রাফিক পুলিশ ছাড়পত্র না দেওয়ায়, নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের অরেঞ্জ লাইনে চিংড়িঘাটাতে ৩৬৬ মিটারের কাজ আটকে রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে। এনিয়ে মেট্রো রেল এবং কলকাতা পুলিশের মধ্যে গত সাত মাস ধরে টানাপোড়েন চলে। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে বৈঠকে বসে কলকাতা পুলিশ ও মেট্রো রেল। তাতেই আপাতত জট কেটেছে।
সব ঠিক থাকলে, ছটপুজো মিটলেই চিংড়িঘাটাতে রেল বিকাশ নিগম লিমিটেডকে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে আটকে থাকা কাজ শেষ করার ছাড়পত্র দিতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ। হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানিতে ট্রায়াল রানের ফলাফল সহ নিজেদের অবস্থান জানাবে কলকাতা ট্রাফিক পুলিশ। লালবাজারের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। এই কাজ শেষ হলে, নিউ গড়িয়া বিমানবন্দর রুটে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হবে। উপকৃত হবেন সল্টলেক, নিউটাউনের লক্ষাধিক বাসিন্দা সহ অফিস যাত্রীরা।