নিজস্ব প্রতিনিধি, কলকাতা: থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ভ্রমণের টোপ দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। তদন্তে নেমে শহরের এক ভ্রমণ সংস্থার অভিযুক্ত কর্তাকে রবিবার গ্রেপ্তার করল বউবাজার থানার পুলিস। তাঁর নাম শেখর সাহা। সোমবার তাঁকে ব্যাঙ্কশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (২) আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ২৮ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি আদালতে ধৃতের জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ভ্রমণ সংস্থার কর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেন। কিন্তু তাঁদের বিভিন্ন দেশে ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেননি। শুধু তাই নয়, তিনি বিভিন্ন ব্যক্তিকে ভ্রমণের প্রলোভন দিয়ে ওই টাকা তুলে ছিলেন। পরবর্তী সময় যারা তাঁর সংস্থায় ভ্রমণের জন্য টাকা দিয়ে ছিলেন, তাঁরা বার বার তাগাদা করেও টাকা ফেরত পাননি। এমনকী যাঁদের হাতে বিমানের টিকিট তুলে দেওয়ার কথা ছিল, তাঁরাও সেই টিকিট পাননি। শেষ পর্যন্ত চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রতারিত কয়েকজন বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস তদন্তে নামে। কিন্তু অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই ওই ব্যক্তি পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিসের জালে রবিবার রাতে ধরা পড়ে যান। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় কিছু কাগজপত্র। যদিও এদিন ধৃতের তরফ থেকে দাবি করা হয়, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তাই যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃতের জামিনের আর্জি নাকচ করে দেন।



