সংবাদদাতা, নবদ্বীপ: বাংলা বিরোধী বিজেপিকে নবদ্বীপের মাটি থেকে উপড়ে ফেলতে হবে। ওরা ভোটের আগে আসবে তারপর কেটে পড়বে। এই বিজেপিকে স্থান দেবেন না। নবদ্বীপের এক জনসভায় এসে বিজেপি সম্পর্কে সতর্ক থাকতে বললেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন সভায় উপস্থিত ছিলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় প্রমুখ।
মঙ্গলবার বিকালে তৃণমূলের পক্ষ থেকে নবদ্বীপ বিধানসভাত ভালুকা রথতলা ময়দানে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সভায় পরিবহণমন্ত্রী বলেন, এলাকায় কোনও অসুবিধা হলে তৃণমূল কর্মীদের কাছে সহযোগিতা পাবেন। কিন্তু, বিজেপির কাউকে পাবেন না। একজন প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। ওরা কম্পিউটারে নাম কাটতে পারে। বাংলায় একজনও প্রকৃত ভোটারের নাম বাদ যাক মমতা বন্দ্যোপাধ্যায় চান না। কেউ ভয় পাবেন না। জোটবদ্ধ থাকুন। হিন্দু-মুসলিম একসঙ্গে লড়াই করুন। এদিন মন্ত্রী বলেন, এখানে সভায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ধর্মীয় বিদ্বেষ বিভাজনের কথা বলেছেন। গত ২০২১ সালেও বিধানসভা নির্বাচনেও বিজেপির হয়ে তিনি প্রচার করেছিলেন। মানুষ তাতে সাড়া দেননি। -নিজস্ব চিত্র