সংবাদদাতা, কল্যাণী: দুর্গাপুজোর রেকর্ড ভিড় নিয়ন্ত্রণ করতে এবার কল্যাণী শহরের জন্য কিছুটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল পূর্ব রেল। গত দু’বছর ঘোষপাড়া স্টেশনে আপ ট্রেনকে ‘গ্যালপিং’ করা হয়েছিল। ডাউনে সেই ট্রেন দাঁড় করানো হচ্ছিল। স্টেশন সংকীর্ণ হওয়ার কারণেই ভিড় সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার আরও সাবধানী রেল কর্তৃপক্ষ। তাই সিদ্ধান্ত হয়েছে, উৎসবের দিনগুলিতে সন্ধ্যের পর কল্যাণী শহরের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। আজ, রবিবার অর্থাৎ ষষ্ঠী থেকে বৃহস্পতিবার, দশমী পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সমস্ত কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী শহরের মধ্যে বন্ধ রাখা হবে। তবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই ট্রেন চলবে যথারীতি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ট্রেনগুলি শিয়ালদহ থেকে ছেড়ে কল্যাণী মেইন স্টেশন পর্যন্ত আসবে। সেখান থেকেই ফিরতি পথে অর্থাৎ ডাউন লাইনে রওনা দেবে ট্রেনটি। অর্থাৎ, এই ক’দিন ট্রেনগুলি কল্যাণী মেইন স্টেশনের পর কল্যাণী শিল্পাঞ্চল, কল্যাণী ঘোষপাড়া হয়ে কল্যাণী সীমান্ত স্টেশন পর্যন্ত যাবে না সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত।



