ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা, তিন শিশু সহ ৭ জনের মৃত্যু
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিলেন স্কুটিচালক। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয় কয়েকজন মহিলা ও শিশু। সেই সময়ই রাস্তা দিয়ে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক ছুটে এসে পিষে দিল মহিলা ও শিশুদের। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের খুন্তি জেলায় কাররা-তোরপা মেন রোডে ভয়াবহ এই ট্রাক দুর্ঘটনায় পিষ্ট হয়ে মৃত্যু হল তিন শিশু সহ সাতজনের। জখম আরও একজন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। মৃতদের আত্মার শান্তিকামনা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

Advertisement

খুন্তির পুলিশ সুপার ঋষভ গর্গ জানান, বৃহস্পতিবার রাতে কাররা-তোরপা মেন রোডে এক স্কুটিচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন বেশ কয়েকজন মহিলা ও শিশু। সেই সময় ১৮ চাকার একটি ট্রাক দ্রুতগতিতে রাস্তার মোড় ঘুরছিল। অন্ধকার থাকার কারণে ট্রাকচালক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মহিলা ও শিশুদের দেখতে পাননি। মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন জয়ন্তী দেবী, তাঁর মেয়ে অঞ্জলি দেবী (২০), নাতি সৌরভ নায়েক (১১), ফাগুন সাঙ্গা (২৬) নামে এক মহিলা, তাঁর দুই মেয়ে শিবানী কুমারী (১২) এবং সোনি কুমারী (৮) ও শাশুড়ি করমী লোহরেইন (৫০)।