Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাফিক আইন ভাঙলেই বাড়ির ঠিকানায় যাবে চিঠি, মোবাইল ফোনে নোটিফিকেশন

ট্রাফিক আইন ভাঙলেই বাড়ির ঠিকানায় যাবে চিঠি, মোবাইল ফোনে নোটিফিকেশন
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের রাস্তায় ট্রফিক আইন লঙ্ঘন করলেই গুনতে হবে জরিমানা! এজন্য রাস্তায় ডিউটিতে থাকা পুলিস কর্মীরা গাড়ি কিংবা বাইক দাঁড় করিয়ে ট্রাফিক আইন ভাঙলেন কেন, জিজ্ঞাসা করবেন না। সরসরি জরিমানার কাগজ পৌঁছে যাবে বাড়ির ঠিকানায়। মোবাইলেও যাবে ফাইনের অঙ্কের নোটিফিকেশ। 

Advertisement

খুব দ্রুত এই ব্যবস্থা আনতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। এজন্য বিভিন্ন রাস্তার অত্যাধুনিক ক্যামেরা লাগানো শুরু হয়েছে। দ্রুত গতিতে গাড়ি ছোটালে কিংবা ট্রাফিক আইন অমান্য করলেই অনলাইনে কাটা হবে চালান। সেই চালান অনুযায়ী জরিমানার টাকা জমা করতে হবে নির্দিষ্ট দপ্তরে। সময় পেরলে নেওয়া হবে কঠিন পদক্ষেপ। 
চালকদের ট্রাফিক নিয়ম সঠিকভাবে পালন করাতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এমনই কড়া পদক্ষেপকে হাতিয়ার করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ট্রাফিক বিভাগ। ইতিমধ্যেই শহরের বেশকিছু জায়গায় ইনস্টল করা হয়েছে অটোমেটিক নম্বর প্লেট রিডার ক্যামেরা ও মোশন ডিটেকশন ক্যামেরা। এই দুই ক্যামেরার সাহায্যে একদিকে যেমন যানবাহনের গতি নির্ধারণ করা সহজ হবে, ঠিক তেমনই গাড়ির নম্বর প্লেট ভেসে উঠবে কন্ট্রোলরুমে বসে থাকা পুলিস কর্মীর মনিটরে। 
খুব সহজভাবে বলতে গেলে রাস্তায় থাকা ট্রাফিক পুলিসের নজর এড়ানো গেলেও অত্যাধুনিক ওই ক্যামেরাগুলির লেন্সকে ধুলো দেওয়া যাবে না। কাজেই সতর্ক হয়ে গাড়ি, বাইক চালানোর পরামর্শ দিয়েছেন মেট্রোপলিটন পুলিসের শীর্ষ অফিসাররা। ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমরা শহরে বেশকিছু জায়গায় ইতিমধ্যেই অত্যাধুনিক ক্যামেরা ইনস্টল করেছি। আপাতত ক্যামেরাগুলির পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। 
পুলিসের একটি বিশেষ সমীক্ষায় দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দ্রুত গতিতে গাড়ি ছোটানোয় কিংবা ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। শহরের প্রায় সব ব্যস্ত সড়কে সিসি ক্যামেরা আছে। তবে অনেক সময় গাড়ির নম্বর প্লেট বোঝা যায় না। নয়া প্রযুক্তির এসব ক্যামেরায় সজেই নম্বর প্লেটের ছবি স্পষ্টভাবে দেখা যাবে। 
ইতিমধ্যেই শিলিগুড়ি শহরের ঢোকা এবং বের হওয়ার মতো রাস্তা, গুরুত্বপূর্ণ হাইওয়ের মোড়, শহরের মধ্যে থাকা মূল সড়ক চিহ্নিত করা হয়েছে। প্রতিটি জায়গায় উন্নত প্রযুক্তিসম্পন্ন এসব ক্যামেরা লাগানো হবে। তবে এমন ক্যামেরা কতগুলি থাকবে, কোথায় থাকবে তা অবশ্য ট্রাফিক বিভাগ জানাতে চায়নি। তবে তাদের দাবি, শহরের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় ক্যামেরা থাকবে। যাতে ট্রাফিক আইন অমান্য করে কেউ পালিয়ে যেতে না পারেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ