নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার ভোররাতে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি ট্রাফিক কিয়স্কে। ঘটনায় গুরুতর জখম হন সেখানে কর্মরত একজন হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ার। তাঁদের মধ্যে সিভিক ভলান্টিয়ার শাহনওয়াজ মোল্লার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে সাঁকরাইল থানার পুলিশ। সম্ভবত ব্রেক ফেল করেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ট্রাক চালকের খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে রানিহাটি মোড়ে থাকা ওই ট্রাফিক কিয়স্কে ডিউটি করছিলেন হোমগার্ড দেবব্রত বণিক ও সিভিক ভলান্টিয়ার শাহনওয়াজ মোল্লা। তখন কোলাঘাটের দিক থেকে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে এসে আচমকা ওই কিয়স্কে ধাক্কা দেয়। তাতে গুঁড়িয়ে যায় বুথটি। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে আন্দুল রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে এদিন বিকেলে হোমগার্ড দেবব্রতকে ছেড়ে দেওয়া হয়। তবে সিভিক ভলান্টিয়ার শাহনওয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের এক পদস্থ কর্তা বলেন, জাতীয় সড়কের মতো রাস্তায় অত্যন্ত বিপজ্জনক জায়গায় ট্রাফিক বুথটি ছিল। এদিনের ঘটনায় কারও প্রাণহানি হতে পারতো। এদিকে ব্যস্ত রানিহাটি মোড়ে দ্রুত ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ইতিপূর্বে পুলিশ ও স্থানীয়দের তরফে বিষয়টি নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে একাধিকবার আবেদন করা হয়েছিল। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, ওই এলাকায় ওভারব্রিজ তৈরি করার জন্য পর্যাপ্ত জমি পাওয়া যায়নি। জমির সমস্যা মিটলেই ওভারব্রিজ তৈরি করা
হবে। নিজস্ব চিত্র