সংবাদদাতা, বালুরঘাট: পুজো এগিয়ে আসতেই জমে উঠছে বালুরঘাট শহরের বাজার। পুজোর কেনাকাটায় শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ রাস্তায় মানুষের ভিড় বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টোটোর সংখ্যা ও আনাগোনা। ফলে একদিকে যেমন যানজট তৈরি হচ্ছে অন্যদিকে দীর্ঘ টোটোর লাইন ও রাস্তার উপর দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। ফলে বালুরঘাট শহরের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে টোটো। নাভিশ্বাস উঠছে শহরবাসীর। টোটোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে টোটো নিয়ন্ত্রণে কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি।
পুজোর আগে রুট ঠিক করে দেওয়া হয়। বাজারে এখন ভিড় হলে টোটো নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেই। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে পুজোর আগে যানজট নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এক আধিকারিক বলেন, প্রতিবছর পুজোর আগে যেভাবে রুট ঠিক করে দেওয়া হয় সেভাবে এবারও রুট নিচীব্রশ্চিত করে দেওয়া হবে। বাজারে এখন যে যানজট তৈরি হচ্ছে তার জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। শনিবার বালুরঘাটের বাজারে সকাল থেকেই দেখা গেল উপচে পড়া ভিড়। শহরের বস্ত্রের দোকানগুলিতে পা রাখার জায়গা নেই। বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বাসে করে সাধারণ মানুষ নেমে অনেকে অটো করে বাজারে যাচ্ছে। আবার কেউ পায়ে হেঁটে রওনা দিচ্ছেন বাজার করতে। কিন্তু দেখা যাচ্ছে, শহরের বাসস্ট্যান্ড থেকে বিশ্বাস মোড় ও ডানলপ মোড় পর্যন্ত টোটোর লম্বা লাইন। টোটোর ভিড়ে কোনো গাড়ি বা বাইক চলাচল করা দুষ্কর হয়ে উঠেছে। পথ চলতি সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে। কখনও কখনও যানজটের মধ্যে পড়ে মানুষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যার ফলে ক্ষোভ ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।
শনিবার বাজার করতে আসা বালুরঘাটের এক প্রবীণ নাগরিক অমিত হালদার বলেন, বাসস্ট্যান্ড থেকে বাজারে পায়ে হেঁটে এলাম। যেদিকে যাচ্ছি সেদিকে টোটোর লম্বা লাইন দেখতে পাচ্ছি। এত টোটো কোথা থেকে এলো? রাস্তা পার হতে পর্যন্ত পারছি না। পুলিশ প্রশাসনের অবশ্যই এই বিষয়টি দেখা উচিত।
বাইক আরোহী পঙ্কজ মন্ডল বলেন, ডানলপ মোড় যেন টোটোর গ্যারেজ হয়ে গিয়েছে। বাইক নিয়ে চলাফেরা করতে পারছি না। ওভারটেক তো দূরের কথা, বা দিক দিয়ে বাইক নিয়ে গেলেও সামনে থেকে মনে হচ্ছে টোটো ধাক্কা মেরে দেবে। আমার সামনে একজন বাইক আরোহীকে টোটো ধাক্কা মেরেছে। যার ফলে ঝামেলা হয়ে গেল।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট। বালুরঘাট শহরেই বেশিরভাগ বড় বড় শপিং মল m জামাকাপড়ের দোকান রয়েছে। তাই বালুরঘাটে জেলার বহু মানুষ বাজার করতে আসছেন। কিন্তু টোটোর কারণে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। দক্ষিণ দিনাজপুর জেলায় হাজার হাজার টোটো রয়েছে। বিশেষ করে তপন, হিলি, কুমারগঞ্জ, পতিরাম সহ নানা প্রান্ত থেকে টোটো বালুরঘাট শহরে যাত্রী নিয়ে আসছেন। জাতীয় সড়কে টোটো না ওঠার নিয়ম কার্যকর থাকলেও বালুরঘাটে এনিয়ে কোনোরকম অভিযান চলে না। টোটোর নির্দিষ্ট রুট না থাকায় যে যে দিক দিয়ে পারছেন শহরে ঢুকে পড়ছেন। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা হলেও পুরোপুরি সম্ভব হচ্ছে না। প্রশাসনের বিরুদ্ধেও বাসিন্দাদের ক্ষোভ ছড়িয়েছে।