সংবাদদাতা, তারকেশ্বর: রাস্তা ও নিকাশি নালা তৈরির কাজ চলছে তারকেশ্বর শহরে। এই কাজের জন্য বেশিরভাগ রাস্তা আংশিক অথবা সম্পূর্ণ বন্ধ। বিপাকে সাধারণ মানুষ। দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।
সংবাদদাতা, তারকেশ্বর: রাস্তা ও নিকাশি নালা তৈরির কাজ চলছে তারকেশ্বর শহরে। এই কাজের জন্য বেশিরভাগ রাস্তা আংশিক অথবা সম্পূর্ণ বন্ধ। বিপাকে সাধারণ মানুষ। দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।
তারকেশ্বরের প্রবেশদ্বার বাজিতপুর চৌমাথা থেকে চাউলপট্টি মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। প্রায় দু’কিলোমিটার রাস্তায় বসছে পেভার ব্লক। খরচ হবে প্রায় সাড়ে তিন কোটি টাকা। এই রাস্তায় রনের খালের উপর তৈরি সেতুটি ব্রিটিশ আমলের। পরবর্তীকালে বেশ কয়েকবার মেরামতি হলেও বয়সের ভারে জীর্ণ হয়ে পড়েছে। শ্রাবণ মাসে এই রাস্তায় পুণ্যার্থীদের দীর্ঘ লাইন থাকে। রাস্তা নির্মাণের জন্য চারটি পুরনো সেতু ভেঙে নতুনভাবে তৈরি হচ্ছে। সেতুগুলি চওড়ায় প্রায় ২৩ ফুট। চৈত্র মাসে গাজন মেলা শেষে শুরু হয়েছে রাস্তার কাজ। পুরনো সেতু ভেঙে তৈরি হচ্ছে নতুন সেতু। ফলে সড়কপথে দু’পারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয় চাউলপট্টি থেকে মন্দির যাওয়ার পথ।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিকাঠামো উন্নয়নের কাজ চলায় সাময়িক সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমাদের। তবে কিছুটা সমস্যা হবে জানতাম। কিন্তু একসঙ্গে একদিকের সব রাস্তা বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষের যাতায়াতই কার্যত বন্ধ হতে বসেছে। চাউলপট্টি থেকে বিডিও অফিস যাওয়ার রাস্তা আংশিক বন্ধ। পদ্মপুকুর কলেজ রোড যাওয়ার রাস্তায় কাজ চলছে। বাসস্ট্যান্ড থেকে পুরসভা যাওয়ার রাস্তায় নিকাশি নালার কাজ চলছে। এই সব রাস্তা হয় সম্পূর্ণ বা আংশিক বন্ধ রয়েছে। স্বাভাবিক কারণেই ওই এলাকার ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, নিকাশি নালার কাজ যে সব রাস্তায় চলছে, সেগুলি আগামী তিন-চারদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারকেশ্বর শহরে রাস্তা সংস্কারের যে কাজ চলছে, তা আগামী ১০ জুলাইয়ের মধ্যে শেষ হবে। দিন ও রাতে সমানভাবে কাজ চলছে। একারণে বাসিন্দাদের সাময়িক একটু সমস্যা হচ্ছে, একথা সত্যি। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। রাস্তার কাজ শেষ হলে তারকেশ্বরের বাসিন্দা ও পুণ্যার্থীরা উপকৃত হবেন। - নিজস্ব চিত্র