সংবাদদাতা, চন্দননগর: সাবেকি আর থিমের মেলবন্ধনে জমজমাট চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। দর্শনার্থীরা থিমপুজোর পাশাপাশি সাবেকি পুজো মণ্ডপও রেখেছেন তাঁদের পছন্দের তালিকায়। তেমাথা শিবমন্দির জগদ্ধাত্রী পুজো সমিতির মণ্ডপ তৈরি হয়েছে ইন্ডিয়া গেটের আদলে। এই মণ্ডপের প্রতিমা সকলের কাছে রানি মা নামেই পরিচিত। ৮২ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। প্রতিমার চালচিত্রে জগন্নাথ, বলরাম, দেবী সুভদ্রাকে ফুটিয়ে তোলা হয়েছে। সাবেকি এই প্রতিমা না দেখলে দর্শনার্থীদের কাছে চন্দননগর জগদ্ধাত্রী দর্শন অসম্পূর্ণ মনে হবে।
সাবেকি প্রতিমার পাশাপাশি রয়েছে একাধিক থিমের পুজো। উল্লেখযোগ্য পুজোর মধ্যে রয়েছে, লালবাগান পাদ্রীপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। এবার তাদের থিম ‘সত্ত্বা’। ৫৯ তম বর্ষে তারা এই থিমের মাধ্যমে বোঝাতে চেয়েছে, যাঁরা নিজেদের হাতে সোনার ফসল ফলান, সেই হাতেই দু’মুঠো অন্ন ওঠে না, যাঁদের জন্য আমাদের হাঁড়ি কোনোদিন খালি থাকে না, তাঁদের ভাতের হাঁড়ির খবর আমরা রাখি না। সারা বাংলা যখন উৎসবের আনন্দ ও আলোয় ঝলমল করছে, তখন তাঁদের ঘরে খিদের সঙ্গে লড়াই চলে। উনোনকে শক্তির প্রতীক হিসাবে দেখানো হয়েছে এখানে। দেবী এখানে নিজে উপস্থিত থেকে কৃষকদের ভাতের জোগান দিচ্ছেন। গ্রাম ছেড়ে তাঁরা শহরে আসেন কখনও ঢাক বাজাতে, কখনও বা মাকে নবরূপে শোলার সাজে সাজাতে। সমাজের জীবনচক্রের অন্যতম মাধ্যম কৃষকদের সম্মান জানিয়ে এই মণ্ডপ।
আরও একটি উল্লেখযোগ্য পুজো হল, সাবিনাড়ার জগদ্ধাত্রী। ৫৪ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। পুজোর উদ্যোক্তা প্রশান্ত সাহা বলেন, একটা সময় ছিল, যখন হুগলিতে পাটশিল্প প্রায় সোনার সমতুল্য ছিল। সেই পাটশিল্পকে মর্যাদা দিতেই এবার তাদের থিম ‘স্বর্ণাংশু সৃজা’। সোনালি বর্ণের জন্য পাটকে সোনালি আঁশ বলা হয়। সৃজা শব্দের অর্থ সৃষ্টি করা। সেই সোনালি আঁশ দিয়েই তৈরি মণ্ডপের সৃষ্টিকলা। বিষয় ভাবনায় রয়েছে প্রেম। প্রেমের প্রতীক শ্রীকৃষ্ণ। টেরাকোটা ও কৃষ্ণনগরের মাটির পুতুলকে ব্যবহার করা হয়েছে প্রেমরসের বিভিন্ন প্রতীক হিসাবে। সম্পূর্ণ পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করে সাজিয়ে তুলেছেন মণ্ডপ শিল্পী শংকর বারুই। প্রতিমা সাবেকি ভাবধারায় ডাকের সাজে। চন্দননগরের ঐতিহ্য বজায় রেখেছে এই পুজো কমিটি।



