রবীন রায়, আলিপুরদুয়ার: তিন মাস বন্ধ থাকার পর বুধবার খুলল জঙ্গল। এদিন গোরুমারা থেকে জলদাপাড়া জাতীয় উদ্যান কোথাও বনকর্মীরা ফুলের তোড়া দিয়ে, কোথাও জিপসি মালিকরা মিষ্টিমুখ করিয়ে পর্যটকদের স্বাগত জানালেন। আর বনাঞ্চল খুলতেই ফের ফিরল জঙ্গলে প্রবেশের এন্ট্রি ফি। উল্লেখ্য, বছর দেড়েক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে জঙ্গলে প্রবেশের এন্ট্রি ফি তুলে দেওয়া হয়েছিল।
এই মরশুমে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে জিপসি সাফারি করতে পারবেন না পর্যটকরা। কারণ, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া হবে ওই জঙ্গলে। সেই জন্য বনদপ্তর আপাতত বক্সার রাজাভাতখাওয়া ও জয়ন্তী রুটে জিপসি সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, নতুন পর্যটন মরশুমের প্রথম দিনেই গোরুমারায় পর্যটকদের ভিড় আছড়ে পড়ে। এদিন গোরুমারার দিকে বৃষ্টি হয়নি। ফলে জঙ্গল ভ্রমণের উপযুক্ত পরিবেশ পেয়ে প্রথম দিনেই প্রচুর পর্যটক জিপসি সাফারিতে অংশ নেন। গোরুমারা গেটে ট্যুরিস্টদের ফুল দিয়ে স্বাগত জানান বনকর্মীরা।
ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক দিব্যেন্দু্ বিশ্বাস বলেন, আমরা প্রথম দিন পর্যটক আশার ব্যাপারে তেমন প্রত্যাশা করি না। কিন্তু, তা সত্বেও এনবার প্রথমদিনেই গোরুমারায় ভালো পর্যটক এসেছেন। আমরা খুশি। পর্যটকদের স্বাগত জানিয়েছি।
যদিও বৃষ্টির কারণে এদিন জলদাপাড়া ও চিলাপাতায় অনেক পর্যটকই জিপসি বা হাতি সাফারি করতে পারেননি। চিলাপাতা জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল রাভা বলেন, আমরা পর্যটকদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছি। বর্ষণসিক্ত আবহাওয়ার কারণে প্রথমদিন এখানে পর্যটক একটু কম এসেছে। আশা করছি, পুজো যত এগিয়ে আসবে পর্যটকের সংখ্যা বাড়বে।
জঙ্গল খোলার প্রথমদিনে জলদাপাড়ায় হাতেগোনা কয়েকজন পর্যটকের দেখা মিলেছে।
এদিকে, জঙ্গলে প্রবেশের এন্ট্রি ফি হিসাবে প্রাইভেট গাড়ির প্রবেশমূল্য নেওয়া হচ্ছে ৪৫০ টাকা ও জনপ্রতি নেওয়া হচ্ছে ১৫০ টাকা করে। তবে পর্যটকদের একটাই আফশোস এবার বক্সার জঙ্গলে জিপসিতে ঘোরা হচ্ছে না।
নতুন পর্যটন মরশুম থেকে জঙ্গলে ফের এন্ট্রি ফি চালু করা হবে বলে বনমন্ত্রী মনোজ ওরাওঁ আগেই জানিয়েছিলেন। নতুন সরকারের সিদ্ধান্ত মোতাবেক সেই মতো ফের জঙ্গলে প্রবেশের ফি চালু হল। বনমন্ত্রী বলেন, সারা দেশের সঙ্গে বুধবার রাজ্যেরও সমস্ত বনাঞ্চল খুলে গিয়েছে। পর্যটকরা নির্বিঘ্নে সর্বত্র যাতে বেড়াতে পারেন তারজন্য নজরদারির ব্যবস্থা করা হয়েছে। • নিজস্ব চিত্র।