Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নজরদারির আওতায় পর্যটকরাও! কারা আসছেন জেলায়, হিসেব রাখবে প্রশাসন

নজরদারির আওতায় পর্যটকরাও! কারা আসছেন জেলায়, হিসেব রাখবে প্রশাসন
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: নজরদারির আওতায় এবার পর্যটকরাও। কারা আসছেন জেলায়, তার হিসেব এবার থেকে রাখবে জেলা প্রশাসন। জেলায় কারা জঙ্গলে ঘুরতে আসছেন, তার হিসেব জেলা প্রশাসনের কাছে পাঠাতে হবে লজ, রিসর্ট, হোটেল ও হোমস্টে মালিকদের। জেলা প্রশাসন মঙ্গলবারই এই সংক্রান্ত নির্দেশিকা পর্যটন সংস্থাগুলির কাছে পাঠিয়েছে। 

Advertisement

জেলা প্রশাসন ওই নির্দেশিকায় দেশি ও বিদেশি পর্যটকদের তথ্যের জন্য আলাদা করে দু’টি কলাম তৈরি করেছে। অর্থাৎ, দেশি-বিদেশি পর্যটকদের ওই কলামে তাঁদের তথ্য লিখে জেলা পর্যটন দপ্তরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পর্যটন ব্যবসায়ীদের। প্রতি মাসের ২ ও ১৭ তারিখ তথ্য জেলা প্রশাসনের সংশ্লিষ্ট জায়গায় পাঠাতে হবে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের। 
জেলা প্রশাসনের ওই নির্দেশনামায় বলা হয়েছে পর্যটকদের নাম, তাঁদের লিঙ্গ এবং কোথা থেকে আসছেন এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রত্যেক মাসে দু’দিন পাঠাতে হবে। এটা বাধ্যতামূলক। কোনওভাবেই পর্যটক সংক্রান্ত এই রিপোর্ট পাঠানোয় গাফিলতি বরদাস্ত করা হবে না। 
ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পার্থসারথি রায় বলেন, জেলা প্রশাসন থেকে এই নির্দেশনামা আমাদের হাতে এসে পৌঁছেছে। প্রতি মাসের ২ ও ১৭ তারিখ পর্যটকদের সম্পর্কে এই রিপোর্ট জেলা প্রশাসনের পর্যটন দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। 
পর্যটনের ভরা মরশুমে দেশি-বিদেশি প্রচুর পর্যটক ডুয়ার্সে ঘুরতে আসেন। পর্যটন সংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, দেশের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি পর্যটক এখানে আসেন প্রতিবেশী অসম থেকে। তারপরেই রয়েছে মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশে থেকে। বিদেশি পর্যটকদের মধ্যে ডুয়ার্সে বেশি করে আসছেন ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও রাশিয়ার পর্যটকরা। কিন্তু সাম্প্রতিক চ্যালেঞ্জিং সময়ে ডুয়ার্সে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের উপরও নজর রাখা জরুরি। কারা জেলায় এসে কোথায় থাকছেন, তার উপর নজর রাখা এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে। সেই কারণে প্রশাসনের কাছে এবার পর্যটকদের তথ্য পাঠাতে হবে পর্যটন সংস্থাগুলিকে। যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের কোনও বক্তব্য মেলেনি। 
পর্যটন সংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, অপারেশন সিন্দুরের পর ও সিকিমে যখন তখন প্রাকৃতিক দুর্যোগের কারণে পর্যটকদের অভিমুখ বর্তমানে অনেকটাই ডুয়ার্সমুখী। ফলে আরও বেশি করে পর্যটকদের তথ্য জানাটা জরুরি হয়ে পড়েছে। বর্তমান সময়ে এমনটাই মনে করছেন জেলার পর্যটন ব্যবসায়ীরা। সব মিলিয়ে পর্যটন ব্যবসায়ীরা অবশ্য জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ