নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ৯৯৯ টাকায় এসি বাসে ডুয়ার্স ও ভুটান ভ্রমণ! সঙ্গে বিনামূল্যে লাঞ্চ। জনপ্রিয় হচ্ছে ডুয়ার্স দর্শন প্যাকেজ। পুজোয় ভিড় উপচে পড়বে বলে আশা উদ্যোক্তাদের। ডুয়ার্সের পর্যটনের প্রসারে এগিয়ে আসা একটি সংস্থার তরফে এমনই সুযোগ মিলছে। ট্যুর চলছে রাজ্য পর্যটন বিভাগের গাইডলাইন মেনেই। আলিপুরদুয়ার থেকে বাস ছেড়ে সোজা ভুটান। পড়শি দেশের ফুন্টসেলিং শহর, ঝুলন্ত সেতু, বৌদ্ধ গুম্ফা দেখে ডুয়ার্সে ফিরে আসা। এরপর রাজাভাতখাওয়া জঙ্গল, মিউজিয়াম, ডিমা ভিউ পয়েন্ট ঘুরে জয়ন্তী। সেখান থেকে সিকিয়াঝোরা লেক, দমনপুর চা বাগান, মাঝেরডাবরি চা বাগানে টি প্রসেসিং ইউনিট প্রদর্শন। চাক্ষুস করা কীভাবে দুটি পাতা একটি কুঁড়ি থেকে তৈরি হয় চা। প্রকৃতির মাঝে গোটা দিন কাটিয়ে ফেরত আলিপুরদুয়ারে। ফেরার পথে ছোটদের মন ভালো করে দিতে বিনোদন পার্কে ট্যুর। খাওয়াদাওয়া থেকে এন্ট্রি ফি, সবটাই প্যাকেজের মধ্যে।



