Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ রাহুলই প্রধান কাঁটা চেন্নাইয়ের

প্রায় অর্ধেক আইপিএল অতিক্রান্ত। এখনও মাঠে নামাই হল না মহেন্দ্র সিং ধোনির। চোট সমস্যায় জর্জরিত ‘থালা’। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও খেলতে পারবেন না তিনি।

আজ রাহুলই প্রধান কাঁটা চেন্নাইয়ের
  • ৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রায় অর্ধেক আইপিএল অতিক্রান্ত। এখনও মাঠে নামাই হল না মহেন্দ্র সিং ধোনির। চোট সমস্যায় জর্জরিত ‘থালা’। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও খেলতে পারবেন না তিনি। চোট সারেনি। রিহ্যাব চলছে বলে জানিয়েছেন বোলিং কোচ এরিক সিমন্স। ফলে কিছুটা হতাশ তাঁর ভক্তরা। তবে গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারানোয় মনোবল তুঙ্গে হলুদ জার্সিধারীদের। একইভাবে জয়ে ফিরেছে দিল্লি ক্যাপিটালসও। আগের ম্যাচে রাজস্থানকে ৭ উইকেটে বশ মানানোর পর শেষ চারে থাকার সম্ভাবনা নতুন করে জাগিয়ে তুলেছেন অক্ষর প্যাটেলরা। দুই দলই খেলেছে ন’টি করে ম্যাচ। পেয়েছে ৮ পয়েন্ট করে। তাই মঙ্গলবার যারা জিতবে, তারা কিছুটা এগিয়ে যাবে।

Advertisement

দিল্লির ব্যাটিং বেশ শক্তিশালী। শুরুতে পাথুম নিশাঙ্কা ও লোকেশ রাহুল ঝড় তুলতে পারলে বড় রান হবে। লোকেশ দুরন্ত ফর্মে। ৯ ইনিংসে ৫৪.১২ গড়ে করে ফেলেছেন ৪৩৩ রান। ১৮৫.৮৩ স্ট্রাইক রেটে তা এসেছে। অরেঞ্জ ক্যাপের দৌড়ে দু’নম্বরে তিনি। গত ম্যাচেও দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। চেন্নাইয়ের জয়ের পথে তিনিই কাঁটা। তবে পরের দিকে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তবে নীতীশ রানা, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, সমীর রিজভিরা নিজেদের দিনে দলকে জেতাতে সক্ষম। লোয়ার মিডল অর্ডারে রয়েছেন অক্ষর প্যাটেল। দিল্লির বোলিংয়ে শক্তি বেড়েছে চোট সারিয়ে মিচেল স্টার্ক ফেরায়। সেই সঙ্গে কাইল জেমিসনও ছন্দে। পেসার লুঙ্গি এনগিডির চোট সারিয়ে ওঠাও স্বস্তি দিচ্ছে। গত ২৫ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে মাথায় তোট পেয়েছিলেন প্রোটিয়া পেসার। স্পিন বিভাগে অক্ষরের সঙ্গে দায়িত্ব সামলাবেন কুলদীপ যাদব।
অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের ব্যাটিং শক্তিশালী হয়েছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ফর্মে ফেরায়। তাঁর সঙ্গে শুরু করবেন সঞ্জু স্যামসন। তিনি ইতিমধ্যেই দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন। ফলে তাঁর কাছে বড় রানের প্রত্যাশা অমূলক নয়। দুই তরুণ ব্যাটার উর্ভিল প্যাটেল ও কার্তিক শর্মার উপরও নজর থাকবে। গত ম্যাচে দু’জনেই ভালো ব্যাট করেছিলেন। এছাড়া ব্রেভিস, শিবম দুবের মতো মারকুটে ব্যাটার রয়েছেন। যাঁরা ডেথ ওভারে যেমন ঝড় তুলতে সক্ষম, তেমনই রান চেজ করার ক্ষেত্রেও সমান সাবলীল। তাই দিল্লির বোলারদের কাজটা সহজ হবে না। চেন্নাই সুপার কিংসের বোলিংয়ে তারকার অভাব রয়েছে ঠিকই, তবে অংশুল কম্বোজ, জেমি ওভারটন, নুর আহমেদরা ফর্মে আছেন।

সম্পর্কিত সংবাদ