Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল কর্মী খুনের চারদিন পরেও অধরা দুষ্কৃতীরা

তৃণমূল কর্মী খুনের চারদিন পরেও অধরা দুষ্কৃতীরা
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: চার দিন পেরিয়ে গেলেও নৈহাটির তৃণমূলকর্মী সন্তোষ যাদব খুনে অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ ও তার সাগরেদরা। স্থানীয়দের দাবি, তারা ভিনরাজ্যে পালিয়ে গিয়েছে। অভিযুক্তদের খোঁজে ভিন রাজ্যে যাচ্ছে বারাকপুর পুলিস কমিশনারেটের টিম। যদিও অপরাধীরা খুব শীঘ্রই ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছে পুলিস। বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, ‘আশা করি, খুব শীঘ্রই খুনিরা ধরা পড়বে।’ 
Advertisement
গত শুক্রবার বিকেলে নৈহাটির গোয়ালাপাড়ায় খুন হন তৃণমূলের কর্মী সন্তোষ যাদব। মঙ্গলবার এই সংক্রান্ত আরও একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, লাল রঙের টোটোতে সন্তোষ চেপে যাওয়ার সময় আচমকা দু’টি বাইকে ছয় দুষ্কৃতী তাঁর পিছু নেয়। যার একটিতে ছিল মূল অভিযুক্ত রাজেশ। বাইকের মাঝখানে সে বসেছিল। বাইক চালাচ্ছিল উপেন্দ্র দাস। পিছনে বসে আরও এক দুষ্কৃতী। অপর বাইকে ছিল বিশাল, আকাশ ও রবি তাঁতি নামে আরও তিন দুষ্কৃতী। এরা প্রত্যেকেই রাজেশের ঘনিষ্ঠ এবং এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ফুটেজে দেখা যাচ্ছে, সামনে ও পিছন থেকে দু’টি বাইক টোটোকে আটকায়। বিপদের আঁচ করে সন্তোষ টোটো থেকে লাফিয়ে নেমে পালানোর চেষ্টা করেন। তখনই বাইকে থাকা রাজেশ ও তার দলবল সন্তোষকে ঘিরে রাস্তায় ফেলে মারধর করে। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করলেও সফল হননি সন্তোষ। তাঁকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয়। ওই টোটোতে থাকা আর একজনকে ডান দিক দিয়ে লাফিয়ে নেমে পালিয়ে যেতে দেখা যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ