Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

টানা পঞ্চম হার পেপের ম্যান সিটির

টানা পঞ্চম হার পেপের ম্যান সিটির
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
লন্ডন: ম্যাচের শেষ বাঁশি তখনও বাজেনি। অথচ এতিহাদ স্টেডিয়ামে অর্ধেক সিট ততক্ষণে খালি হয়ে গিয়েছে। ম্যাঞ্চেস্টার সিটির হোম ম্যাচে শেষ কবে এমন দৃশ্য দেখা গিয়েছে, বলা মুশকিল। শনিবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের কাছে চার গোল হজম করল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। শুধু তাই নয়, সব টুর্নামেন্ট মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হেরে মাঠ ছাড়লেন আর্লিং হালান্ডরা। ২০০৬ সালে শেষবার এমন লজ্জায় মুখ পুড়েছিল সিটিজেনদের। স্বাভাবিকভাবেই দলের এই হতশ্রী পারফরম্যান্সে সমর্থকদের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে। শনিবার অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যামের হয়ে জোড়া গোল জেমস ম্যাডিসনের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন পেড্রো পোরো ও ব্রেনান জনসন। ইপিএলে টানা তৃতীয় হারেও লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল ম্যান সিটি। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। আর জিতে সমসংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে উঠে এল টটনেহ্যাম।
Advertisement
দলের এমন পারফরম্যান্সে রীতিমতো হতাশ কোচ পেপ। তিনি জানান, ‘এই হার মেনে নেওয়া মুশকিল। এই মূহূর্তে জয় কিংবা হার নিয়ে ভাবছি না। বরং এই খারাপ সময় কাটিয়ে ওঠাই চ্যালেঞ্জ। এমন চলতে থাকলে, লিগ জয়ের দৌড়ে টিকে থাকা অসম্ভব। সামনে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই রয়েছে। ওই ম্যাচে জিতে ঘুরে দাঁড়াতে হবে।’
এদিকে, জয়ের ধারা অব্যাহত লিভারপুলের। রবিবার অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-২ গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্নে স্লটের ছেলেরা। জোড়া গোলে ম্যাচের নায়ক মহম্মদ সালাহ। এছাড়া দ্য রেডসের হয়ে জাল কাঁপান ডোমিনিক সোবোসলাই। সাউদাম্পটনের দুই গোলদাতা অ্যাডাম আর্মস্ট্রং ও ম্যাথুস ফার্নান্ডেজ। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। এদিন ইপিএলের অন্য ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১-১ ড্র করল ইপসউইচ টাউনের বিরুদ্ধে। নতুন কোচ রুবেন আমোরিমের এটাই ছিল ম্যান ইউ’র হয়ে অভিষেক ম্যাচ। কিন্তু তাতে জয় অধরাই থাকল।
সম্পর্কিত সংবাদ