Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

তিন দশকে চলচ্চিত্র উৎসব

তিন দশকে চলচ্চিত্র উৎসব
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
তিন দশক পূর্ণ করল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯৯৫ সালে প্রথম শুরু হয়েছিল কলকাতার নিজস্ব চলচ্চিত্র উৎসব। সেবার ৯ নভেম্বর থেকে শুরু হয়ে, উৎসব চলেছিল ১৬ নভেম্বর পর্যন্ত। উদ্বোধন করেছিলেন চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন ও তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। উদ্বোধনী ছবি ছিল দেব বেনেগালের ‘দ্য ইংলিশ অগাস্ট’। থালি গার্ল ছিলেন নন্দিনী ঘোষাল। এভাবেই প্রতি বছর নভেম্বর মাসেই উৎসব হতো। তবে সেই সময় উৎসব আন্তর্জাতিক ছিল না। ২০০১ সাল। তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমবার চলচ্চিত্র উৎসবে এলেন ইরানের বিশ্বখ্যাত পরিচালক জাফর পানাহি। সেবার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মৃণাল সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার সহ আরও অনেকে। একটা সময় ইজেডসিসি ও এসআরএফটিআইতেও ছবি প্রদর্শিত হতো। ২০১১ সালে বাম সরকারের পতনের পর মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্সবে যেন রঙ লাগে। ১৭ তম চলচ্চিত্র উৎসব উদ্বোধনে আসেন বলিউড তারকা শর্মিলা ঠাকুর, শাহরুখ খান। ২০১২ সাল থেকে কলকাতা চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক তকমা পায়। সেই বছর উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। ছিলেন মিঠুন চক্রবর্তী, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ, শাহরুখ খান প্রমুখ। পরপর বেশ কয়েকটি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। ২০১৩ সালে অমিতাভ, শাহরুখের সঙ্গে ছিলেন কমল হাসান, জয়া বচ্চন। ২০১৪ সালে অমিতাভ ছাড়াও অমল পালেকর, শাহরুখ, তনুজা, ইরফান খান, মৌসুমী চট্টোপাধ্যায়, জয়া বচ্চন, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই উপস্থিত ছিলেন। এমন তারকাখচিত অনুষ্ঠান বোধহয় এর আগে বাঙালি দেখেনি। এরপর বিভিন্ন বছরে ছিলেন বিদ্যা বালন, শর্মিলা ঠাকুর, কাজল, পরিণীতি চোপড়া, সঞ্জয় দত্ত, মহেশ ভাট। ২০১৮ সালে কলকাতায় পা রাখেন মাজিদ মাজিদি। পরের বছর অর্থাত্ ২০১৯ সালে শাহরুখ উদ্বোধন করেন। তারপর কোভিডের কারণে ছেদ পড়ে উত্সবে। ২০২১ সালে জানুয়ারি মাসে উত্সব হয়। ২০২২ সালে এপ্রিল ও ডিসেম্বর মাসে দু’বার উত্সব হয়। সেবার ফের অমিতাভ উপস্থিত হয়েছিলেন। এভাবেই তিন দশকে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। এবারের উত্সবে গগণেন্দ্র প্রদর্শনশালাতে তিন দশকের যাত্রাপথ নিয়ে চমত্কার প্রদর্শনীর আয়োজন করেছিল তথ্য ও সংস্কৃতি বিভাগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ