নাসিক: লোহার রড বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর ধাক্কা। মহারাষ্ট্রের নাসিক জেলার এই ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বেশ কয়েকজন। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে আয়াপ্পা মন্দিরের কাছে। জানা গিয়েছে, ১৬জন যাত্রী ছিলেন ওই টেম্পোতে। নিফারে একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে গিয়েছিলেন ওই যাত্রীরা। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন টেম্পোর চালক। অকুস্থলেই অনেকের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা, পথযাত্রীরা উদ্ধার কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিস ও দমকলকর্মীদের। তাঁদের সহায়তায় গুরুতর জখম অবস্থায় বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। নিহতের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়। পাশাপাশি আহতদের চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার।



