চেন্নাই: প্রস্তর, তাম্র ও ব্রোঞ্জ যুগ পেরিয়ে মানবসভ্যতা পা রেখেছিল লৌহ যুগে। লোহার ব্যবহার মানব সভ্যতার অগ্রগতির পথই আমূল বদলে দিয়েছিল। যার মধ্যে অন্যতম হল কৃষি ব্যবস্থা। ইতিহাস বইয়ে সেকথা লেখা আছে। এই লৌহ যুগের সূচনা নিয়ে বৃহস্পতিবার ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আর এই তথ্য ইতিহাস গবেষণার মোড় ঘুরিয়ে দিতে পারে। স্ট্যালিনের মতে, পৃথিবীতে লৌহ যুগের সূচনা হয়েছিল তামিলনাড়ুতে। বৃহস্পতিবার চেন্নাইয়ে ‘উরুমবিন থোনমাই’ অর্থাৎ লোহার প্রাচীনত্ব শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন স্ট্যালিন। বর্ষীয়ান দুই গবেষক কে রাজন এবং সিভানন্থমের লেখা এই বইটি প্রকাশ করেছে রাজ্যের পুরাতত্ত্ব বিভাগ। ওই অনুষ্ঠানে বলেন, ‘যিশু খ্রিস্টের জন্মের চার হাজার বছর আগে তামিলনাড়ুতে লোহার ব্যবহারের প্রমাণ মিলেছে। আজ থেকে ৫ হাজার ৩০০ বছর আগেও এই অঞ্চলে লোহা গলানো হত। গবেষণায় উঠে এসেছে এই তথ্য।’



