Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পেশাদারি ধাঁচে প্রশিক্ষণের মাধ্যমে ‘ভুয়ো’ ভোটার চেনার উদ্যোগ তৃণমূলের

পেশাদারি ধাঁচে প্রশিক্ষণের মাধ্যমে ‘ভুয়ো’ ভোটার চেনার উদ্যোগ তৃণমূলের
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা মালদহ: ভোটার তালিকার অসঙ্গতি খুঁজে বের করতে এবার মালদহে পেশাদারি ধাঁচে প্রশিক্ষণ দেবে তৃণমূল কংগ্রেস। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এই বিষয়টি বিশদে বুঝিয়ে দিতে ইতিমধ্যে মালদহে এসেছেন আট থেকে ১০জন প্রশিক্ষক। জেলাস্তর থেকে বুথস্তর পর্যন্ত ভুয়ো ভোটার চিহ্নিত করতে তৃণমূলের এই দলীয় অভিযান লাগাতার চলবে বলে শাসকদল সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন শাখা সংগঠনকে দলের মূল সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মালদহের জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, ঠিক কীভাবে ‘ভুয়ো’ ভোটার চিহ্নিত করতে হবে তার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের তরফে আমাদের জেলাতে আট থেকে ১০ জন প্রশিক্ষক পাঠানো হয়েছে। তাঁরা বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীদের বুঝিয়ে দেবেন, ভুয়ো ভোটার চিহ্নিত করতে কীভাবে পদক্ষেপ করতে হবে।  আমাদের নেতাকর্মী এবং সমর্থকরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন। জেলা তৃণমূল সভাপতি বলেন, কোনও নতুন ভোটারের নাম উঠলে আমাদের কর্মীরা বাড়িতে গিয়ে সশরীরে তাঁর খোঁজ নেবেন। ভোটারের সচিত্র পরিচয়পত্রের নম্বরও যাচাই করে দেখা হবে। এমনই বেশ কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Advertisement

পাশাপাশি তিনি বলেন, ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে জেলাস্তরে ৪৫ জনের কমিটির পাশাপাশি ব্লক, অঞ্চল ও বুথস্তরেও কমিটি তৈরি করা হয়েছে। দলের পাশাপাশি বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীদেরও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পৃথকভাবে নয়, মূল দলের সঙ্গে যৌথভাবে শাখা সংগঠনগুলি কাজ করবে। এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বুথস্তরে প্রায় ১০জন, অঞ্চল থেকে ২৫ থেকে ৩০জন এবং ব্লক স্তরে ৩০ থেকে ৪০জনের কমিটি হয়েছে বলে জানান আব্দুর রহিম। তিনি বলেন, আমাদের নেতৃত্বের নির্দেশ মেনে স্বচ্ছ ভোটার তালিকাই আমাদের দাবি। তৃণমূলকে পাল্টা কটাক্ষ করে মালদহ দক্ষিণ জেলা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যের শাসকদলই ভুয়ো ভোটারের ভরসায় ভোটে জেতে। আমরাও নজর রাখছি তৃণমূল যেন কোনওভাবেই রাজনৈতিক স্বার্থে ভোটার তালিকাকে প্রভাবিত করতে না পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ