নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আগামী ১৬ এপ্রিল থেকে প্রতিটি বাড়িতে যাবেন তৃণমূলের বুথস্তরের কর্মীরা। বুধবার টিটাগড়ে তৃণমূলের দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে বৈঠকের পর এই কথা জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘ভোটার তালিকায় অনেক গরমিল দেখা যাচ্ছে। ভিন রাজ্যের ভোটারদের পাওয়া যাচ্ছে এখানে। একই এপিক নম্বরে দু’জায়গায় নাম রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্লক, ওয়ার্ড এবং বুথে ইলেক্টোরাল রোল সুপারভাইজার নিয়োগ করতে বলেছেন। সেই মতো দিনক্ষণ নির্ধারিত হয়েছে।’ এদিন তৃণমূলের দমদম- বারাকপুর সাংগঠনিক জেলার সমস্ত বিধায়ক, সাংসদ, পদাধিকারীদের নিয়ে বৈঠক হয়। আগামী ১৪ এপ্রিলের মধ্যে সংগঠনের সব স্তরে ইলেক্টোরাল রোল সুপারভাইজারদের নাম চূড়ান্ত হয়ে যাবে। ১৬ এপ্রিল পাঁচজনকে নিয়ে দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল এজেন্ট বাড়ি বাড়ি যাবেন। সঙ্গে একজন মহিলা কর্মী থাকবেন। ভোটার তালিকায় গরমিল ধরা পড়লে সেই নথি দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হবে। তারা বিষয়টি জানাবে নির্বাচন কমিশনে।



