সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে এবার অ্যাপ নিয়ে আলিপুরদুয়ারে ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। দিদির দূত অ্যাপ নিয়ে ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে গত বৃহস্পতিবার থেকেই বাড়ি বাড়ি যাওয়া শুরু করলেন শাসক দলের কর্মীরা। আলিপুরদুয়ার টাউন ও ফালাকাটা টাউন মিলিয়ে জেলায় তৃণমূলের আটটি সাংগঠনিক ব্লক। এই কাজের জন্য প্রতিটি ব্লকে তৃণমূল দলের একজন করে মোট আট জন দলীয় বুথ লেভেল এজেন্ট নির্বাচন করেছে। যাঁরা বিএলএ-১ নামে পরিচিত। জেলায় বিএলএ-১ এর শীর্ষে রাখা হয়েছে বিধায়ক সুমন কাঞ্জিলালকে। জেলায় ৬৪টি গ্রাম পঞ্চায়েতে ১৩৫০টি বুথ। প্রতিটি বুথেও একজন করে দলীয় বিএলএ নির্বাচন করা হয়েছে। যাঁরা বিএলএ-২ নামে পরিচিত। বৃহস্পতিবার শহরে দলীয় জেলা কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক সাংবাদিক সম্মেলন করে বলেন, বৃহস্পতিবার থেকেই জেলায় দলের কর্মীদের এই কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী বিধানসভা ভোট পর্যন্ত। বুথের বিএলএ-২’র নেতৃত্বে দলীয় কর্মীরা দিদির দূত অ্যাপ নিয়ে বাড়ি বাড়ি যাবেন। তাঁরা ভোটার তালিকা খতিয়ে দেখবেন। ভোটার তালিকায় কোন ভোটারের অসঙ্গতি ধরা পড়লে সঙ্গে সঙ্গে সেই ভোটারের নাম ও অন্যান্য তথ্য দিদির দূত অ্যাপে ডাউনলোড করবেন। দলীয় বিএলএ-২রা ব্লকে ও জেলায় থাকা বিএলএ-১ দের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। দলীয় বিএলএরা সরকারি বিএলও’দের সঙ্গেও সমন্বয় রেখে ভূতুড়ে ভোটার চিহ্নিত করার কাজ করবেন।



