Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পূর্ব মেদিনীপুরে আসন বাড়াতেই হবে, টার্গেট বেঁধে দিলেন অভিষেক

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ২০২৬ সালে আরও বেশি আসন নিয়ে তাঁরাই ক্ষমতায় ফিরছেন।

পূর্ব মেদিনীপুরে আসন বাড়াতেই  হবে, টার্গেট বেঁধে দিলেন অভিষেক
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ২০২৬ সালে আরও বেশি আসন নিয়ে তাঁরাই ক্ষমতায় ফিরছেন। তার দু’দিনের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের দুই জেলার সাংগঠনিক বৈঠক করে জয়ের ফর্মুলা, রোডম্যাপ বাতলে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে সাংগঠনিক বৈঠক শুরু করেছে তৃণমূল। শনিবার রাজ্যের দুই প্রান্তের দুই জেলার তৃণমূল নেতৃত্বকে কলকাতায় ডেকে পাঠিয়ে সাংগঠনিক পর্যালোচনা করেন অভিষেক। বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এদিন বিস্তারিত আলোচনা করে। পূর্ব মেদিনীপুর জেলায় ১৬টি বিধানসভা কেন্দ্র। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলায় সর্বাধিক বিধানসভা আসনে জয়ী হতে হবে। তার জন্য জেলার সব নেতানেত্রীকে মতবিরোধ দূরে সরিয়ে লড়াই করতে হবে। জেলার এক নেতার মতে, অভিষেকের মনোভাব হল, ১৬টির মধ্যে অন্তত ১৪টি আসনে জয়ী হতেই হবে। কোনওরকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধায়কদের যাঁর যাঁর বিধানসভা এলাকায় নজর দিতে বলেছেন তিনি। অন্য এলাকায় যাওয়ার প্রয়োজন নেই। বিতর্কিত মন্তব্য করে কেউ যাতে দলকে বিড়ম্বনায় না ফেলেন, সে ব্যাপারেও সাবধান করে দিয়েছেন অভিষেক। কেউ এই কাজ করলে দল কঠোরতম ব্যবস্থা নেবে। 

Advertisement

অন্যদিকে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং জেলার সমতল বিভাগের তৃণমূল নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেছেন অভিষেক এবং সুব্রত। জেলার সংগঠন পরিচালনার কাজে তাঁদের আরও দায়িত্ববান ও যত্নশীল হতে বলা হয়েছে। উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী। কিন্তু অভিষেক মনে করেন, মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে বিজেপির সংগঠনে ভাঙন ধরানো সম্ভব। সেখানে জেতার অনেক সুযোগ আছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে। শিলিগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়ার মতো আসনে তৃণমূলের জয় সম্ভব বলে মনে করেন অভিষেক। শিলিগুড়ি পুরসভার কাউন্সিলারদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ