সংবাদদাতা, উলুবেড়িয়া: শনিবার দলের নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে ভোটার তালিকা থেকে বিভিন্ন জায়গায় দলের সাংগঠনিক শক্তি নিয়ে আলোচন করেছেন তিনি। পাশাপাশি গত লোকসভা নির্বাচনের ফলাফলকে ভিত্তি করে বেশ কয়েকটি জেলাকেও সতর্ক করেছেন অভিষেক। তার মধ্যে হাওড়া গ্রামীণ জেলা অন্যতম। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে উদয়নারায়ণপুর, বাগনান, শ্যামপুর নিয়ে সন্তোষ প্রকাশ করলেও উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর এবং সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক। এই তিনটি কেন্দ্রের ফল অন্য কেন্দ্রগুলির থেকে কেন খারাপ হল, তাও বিশ্লেষণ করতে বলা হয়েছে নেতৃত্বকে।
গত লোকসভা নির্বাচনে উলবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ২ লক্ষ ১৮ হাজার ৬৭৩ ভোটে বিজেপি প্রার্থী অরুণউদয় পালচৌধুরীকে পরাজিত করেন। সেই ভোটে উলুবেড়িয়া লোকসভার ৭টি বিধানসভা কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী লিড পেলেও উলুবেড়িয়া পূর্ব ও উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে সাজদা আহমেদ ২৪ হাজার ৪২৬ ভোটের লিড পেলেও এই বিধানসভার অর্ন্তগত ৩২টি ওয়ার্ডের উলুবেড়িয়া পুরসভার ১২টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে পড়ে। আবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ১৮ হাজার ৩ ভোটে লিড পেলেও এই কেন্দ্রের ৪টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পিছিয়ে পড়ে। স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়গুলি ভাবাচ্ছে শাসকদলকে।
এই বিষয়ে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান, রাজ্য নেতৃত্ব লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বুথ ধরে ধরে পর্যালোচনা করছে। ওই দুটি বিধানসভা কেন্দ্রে আমরা বাড়তি নজর দিচ্ছি। তবে লোকসভা নির্বাচনের ফল যাই হোক না কেন, আগামী বিধানসভা নির্বাচনে জেলার সব ক’টি আসনে তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবে।