নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এ যেন মেদিনীপুরের ফুটবল ম্যাচের ‘অ্যাকশন রিপ্লে’। মেদিনীপুরে ম্যাচ চলাকালীন তৃণমূল নেতার হাতে মার খেয়েছিলেন রেফারি। আর ভাঙড়ে স্কুল স্তরের ফুটবল ম্যাচে সেই তৃণমূল বাহিনীর হাতেই বেদম মার খেলেন হাই মাদ্রাসার এক শিক্ষক। শনিবার ছিল ‘খেলা হবে দিবস’। একে ঘিরে গত তিনদিন ধরে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। শনিবার ছিল ফাইনাল। এই ম্যাচে মুখোমুখি হয় ভগবানপুর হাইস্কুল ও হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। কিন্তু দু’দলই পরস্পরের বিরুদ্ধে প্রাক্তন ছাত্রদের খেলানোর অভিযোগ তুললে উত্তেজনা তৈরি হয়। একারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ফের শুরু হলেও ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে হাই মাদ্রাসার শিক্ষক নাসিরুদ্দিনকে মাঠের বাইরে ডেকে লাথি, চড়, ঘুসি মারে তৃণমূলের কর্মীরা। অভিযোগ, এই হামলায় ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের তৃণমূল সভাপতি তথা ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ খইরুল ইসলামের নাম জড়িয়েছে। যদিও ওই নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন। জানা গিয়েছে, নাসিরুদ্দিন এব্যাপারে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।



