Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে রামপুরহাটে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি

বিজেপিশাসিত নানা রাজ্যে বাংলাভাষীদের লাগাতার হেনস্তার প্রতিবাদে রা‌জ্যজুড়ে টানা কর্মসূচিতে নামার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে রামপুরহাটে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: বিজেপিশাসিত নানা রাজ্যে বাংলাভাষীদের লাগাতার হেনস্তার প্রতিবাদে রা‌জ্যজুড়ে টানা কর্মসূচিতে নামার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো বীরভূম জেলাজুড়ে তৃণমূল আন্দোলনে নেমেছে। মঙ্গলবার রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে এই আন্দোলনে নেতৃত্ব দেন দলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল যুব’র জেলা সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি তুহিনশুভ্র বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। ‘বাংলা ভাষা, বাংলার প্রাণ, অপমানের প্রতিবাদ হোক সর্বত্র’ প্লাকার্ড হাতে ওই মোড়ে বসে পড়েন তৃণমূল কর্মীরা। সেইসঙ্গে ‘বাংলার মাটি, বাংলার জল’ গান গেয়ে প্রতিবাদ জানান। আশিসবাবু বলেন, এখানকার শ্রমিকরা দক্ষ। তাঁদের দক্ষতাকে কাজে লাগাতে নানা রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সেই শ্রমিকরা বাংলায় কথা বলায় তাঁদের উপর নানাভাবে অত্যাচার নেমে আসছে। এমনকী, বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। বাংলাতেও বিভিন্ন রাজ্যের প্রায় দেড় কোটি শ্রমিক কাজ করেন। তাঁদের তো অন্য ভাষায় কথা বলার জন্য থানায় ডেকে হেনস্তা করা হয়নি। এছাড়া, বাংলাকে ভাতে মারতে নানা প্রকল্পে টাকা বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এসবের প্রতিবাদে আন্দোলন জারি থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ