নিজস্ব প্রতিনিধি, বারাসত: কয়েকদিন আগে হাড়োয়া বিধানসভা এলাকায় রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন হয়। এই রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান মঞ্চের ব্যানারে জ্বলজ্বল করছিল তৃণমূল কংগ্রেসের নাম। সেই মঞ্চে আবার উপস্থিত ছিলেন খোদ বিডিও। সোশ্যাল মিডিয়ায় সেই মঞ্চ, তৃণমূলের পতাকা এবং বিডিও’র উপস্থিতি ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, কদম্বগাছি থেকে চৌমহা— বারাসত ১ ও ২ নম্বর ব্লকের মধ্যে অন্যতম সংযোগকারী রাস্তা। এই রাস্তার উপর নির্ভর করে কীর্তিপুর, চক কদম্বগাছি সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। এই রাস্তা দিয়েই একদিকে কলকাতা, অন্যদিকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাওয়া যায়। এই রাস্তাটি প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়েছিল। অবশেষে রাস্তার প্রায় আট কিলোমিটার অংশ পিচ করার জন্য বরাদ্দ হয় ৫ কোটি ৯৬ লক্ষ টাকা। সদ্য ফলাও করে এই রাস্তার কাজের উদ্বোধন হয় কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌমহা মোড়ে। সেখানে একটি বড় মঞ্চ তৈরি হয়। সেই মঞ্চের পিছনের ব্যানারে জ্বলজ্বল করে লেখা ছিল ‘কীর্তিপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস।’ সেই মঞ্চেই বসে রয়েছেন বারাসত ২ নম্বর ব্লকের বিডিও শেখর সাঁই। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও এর সত্যতা যাচাই করেনি বর্তমান)। স্বাভাবিকভাবে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সরকারি রাস্তা সংস্কারের কাজের উদ্বোধনে কীভাবে শাসকদলের নাম থাকে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাছাড়া ওই ব্যানারের নীচে কীভাবে বসে থাকলেন বিডিও, তা নিয়েও কথা উঠেছে। এ নিয়ে অবশ্য বিডিওর দাবি, এটি সরকারি কর্মসূচি ছিল। ব্যানারে ভুল করে এটি লেখা হয়েছে। বিজেপি নেতা তাপস মিত্রের টিপ্পনি, আসলে প্রশাসন যে তৃণমূলের হয়ে কাজ করে, তা সবাই জানে। কিন্তু রাস্তার কাজের উদ্বোধনের তৃণমূলী মঞ্চে বিডিওর উপস্থিতি সেই দাবিকেই প্রমাণ করে দিল। - নিজস্ব চিত্র