Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম মেমু ট্রেন স্টপের দাবিতে সরব তৃণমূল ও সিপিএম

পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেনের স্টপের দাবিতে সোমবার রেলের কাছে ডেপুটেশন দিয়েছিল সিপিএম।

পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম মেমু ট্রেন স্টপের দাবিতে সরব তৃণমূল ও সিপিএম
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ও সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেনের স্টপের দাবিতে সোমবার রেলের কাছে ডেপুটেশন দিয়েছিল সিপিএম। মঙ্গলবার একই দাবিতে ডেপুটেশন দিল তৃণমূলও। সেইসঙ্গে দুই দলের তরফেই সময়ে ট্রেন চলাচল, যাত্রী নিরাপত্তা সহ একাধিক দাবিও জানানো হয়েছে। 

Advertisement

কয়েকদিন আগেই দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম মেমু পেসেঞ্জার ট্রেন চালু হয়েছে। ট্রেনটিকে পুরুলিয়ার ইন্দ্রবিল সহ মিট্যালশহর ও সিরজাম রেলস্টেশনে স্টপ দেওয়ার দাবিতে পথে নেমেছে সংগঠনগুলি। সোমবার সিপিএমের পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে সিরজামের স্টেশন ম্যানেজারকে একটি ডেপুটেশন দেওয়া হয়। মঙ্গলবার কাশীপুর ব্লক তৃণমূল নেতৃত্বের তরফেও ইন্দ্রবিল রেল স্টেশনের স্টেশন মাস্টারকে ডেপুটেশন দেওয়া হয়। মেমু প্যাসেঞ্জারটির স্টপ দেওয়া, লোকাল ও এক্সপ্রেস ট্রেন সময়মতো চালানো সহ মোট সাত দফা দাবি জানানো হয়েছে। এদিন ডেপুটেশন দেওয়ার আগে ইন্দ্রবিল এলাকায় একটি মিছিল করা হয়। 
তৃণমূলের তরফ থেকে জানানো হয়, বর্তমানে আদ্রা ডিভিশনে লোকাল ট্রেনগুলি সময়মতো চলাচল করে না। কাজের নামে ব্লক নিয়ে বেশিরভাগ ট্রেন বন্ধ রাখা হয়। বর্তমানে পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম নতুন মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা চালু হয়েছে। ট্রেনটি বাঁকুড়া জেলার সমস্ত রেল স্টেশনে স্টপেজ দেওয়া হলেও পুরুলিয়ায় গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে উপেক্ষা করা হয়েছে। ফলে যাত্রীরা অসুবিধায় পড়ছেন। অবিলম্বে ট্রেনটি গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে যাতে স্টপ দেওয়া হয় তারজন্য দাবি জানানো হয়েছে। এদিন তৃণমূল নেতা সৌমেন বেলথরিয়া বলেন, পুরুলিয়া জেলাকে বরাবর বঞ্চিত করা হয়েছে। মানুষ রেল পরিষেবায় হয়রানি হচ্ছে। তাই দল আন্দোলনে নেমেছে। রেলের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, স্টপের বিষয়টি সদর দপ্তর দিল্লি থেকে ঠিক করা হয়। আমাদের তরফ থেকে ডেপুটেশনের বিষয়গুলি সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম ট্রেনের সময়সূচি পরিবর্তনেরও দাবি উঠতে শুরু করেছে। নিত্যযাত্রীদের দাবি, এই ট্রেনটি ভোর ৪টেয় ছেড়ে হাওড়া পৌঁছচ্ছে ১১টা ৪০মিনিটে। সেই তুলনায় হাওড়া সুপারফাস্ট ভোর সাড়ে পাঁচটায় পুরুলিয়া থেকে ছেড়ে হাওড়া পৌঁছচ্ছে ১১টা ২২মিনিট। বাসিন্দাদের দাবি, ট্রেনের টাইমটেবিল বদল হওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ ট্রেনটি অনেক ভোরে পুরুলিয়া থেকে ছাড়ছে। আবার ট্রেনটি হাওড়া থেকে পুরুলিয়া ঢুকছে রাত ১২টায়। ওই সময়ে স্টেশনে পৌঁছনো কিংবা স্টেশন থেকে বাড়ি ফেরার কোনও যোগাযোগ ব্যবস্থা থাকছে না। তাছাড়া পুরুলিয়া হাওড়া ভায়া মসাগ্রামের দূরত্ব অন্যান্য রুটের থেকে কম। সেক্ষেত্রে ট্রেনের সময়ও কম বলে আশা করেছিলেন বাসিন্দারা। কিন্তু তা না হওয়ায় ক্ষোভ রয়েছে। 

সম্পর্কিত সংবাদ