সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট স্টেশনে অমৃত ভারত প্রকল্পে একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। ওই কাজে এবার নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস। এনিয়ে সোমবার বালুরঘাট স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র যুবরা। তৃণমূলের অভিযোগ, বালুরঘাট রেল স্টেশন চত্বরে নিম্নমানের সামগ্রী দিয়ে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে। ওই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয় প্রকল্পের কাজে স্টেশন চত্বরের গাছ কাটা হয়েছে। সেখানে এখনও গাছ লাগানো হয়নি। এনিয়ে তারা এদিন একটি স্মারকলিপি বালুরঘাট রেল স্টেশনের আধিকারিককে তুলে দিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও তিনি নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করেছেন। এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরীশ সরকার, টাউন যুব সভাপতি মহেশ পারেখ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ সহ অন্যান্যরা।



