Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সাজসাজ রব, নিরাপত্তা আঁটোসাঁটো

আজ, শনিবার রামপুরহাটে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি সারা। দুপুর ১২টায় তারাপীঠ লাগোয়া হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী।

রামপুরহাটে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সাজসাজ রব, নিরাপত্তা আঁটোসাঁটো
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: আজ, শনিবার রামপুরহাটে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি সারা। দুপুর ১২টায় তারাপীঠ লাগোয়া হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে তারাপীঠ মন্দির প্রাঙ্গণ ঢেলে সাজানো হয়েছে। বিশেষ নজর দেওয়া হয়েছে মন্দির কমিটির কার্যালয়ের ওপর। এই কার্যালয়েই মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানাবে তারাপীঠ মন্দির কমিটি। 

Advertisement

মুখ্যমন্ত্রী আসার প্রায় এক ঘণ্টা আগেই পুরো মন্দির প্রাঙ্গণ প্রশাসনের নিয়ন্ত্রণে চলে যাবে এবং নিরাপত্তার স্বার্থে সাধারণ ভক্তদের পুজো দেওয়া সাময়িকভাবে বন্ধ থাকবে। বসানো হয়েছে অতিরিক্ত সিসি ক্যামেরা। এই বিশেষ দিনে দেবী তারাকে ‘রাজ রাজেশ্বরী’ বেশে সাজিয়ে তোলা হবে। দুধ, ঘি, গঙ্গাজল, বেনারসি শাড়ি, নানারকম ফল, মিষ্টি এবং ফুলের মালায় ষোড়শোপচারে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। মন্দির কমিটির পক্ষ থেকে তাঁর নামে বিশেষ অন্নভোগের ব্যবস্থা রাখা হয়েছে, যা পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হবে।
এরপর তিনি সড়কপথে যাবেন রামপুরহাটে। মুখ্যমন্ত্রী প্রথমেই যাবেন প্রয়াত প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর মুখ্যমন্ত্রীর গন্তব্য রামপুরহাটের ‘রক্তকরবী’ প্রেক্ষাগৃহে। সেখানে জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রক্তকরবী প্রাঙ্গণে পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ জানানো হবে তাঁকে। সভা শেষে রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠ থেকে হেলিকপ্টারে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। শুক্রবারই তারাপুর ও রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে হেলিকপ্টারের সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশের বাড়ির ছাদে এবং মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তার দু’ পাশে মোতায়েন করা হচ্ছে সশস্ত্র পুলিশ বাহিনী।

Advertisement
সম্পর্কিত সংবাদ