মহম্মদ নাজিম, হরিশ্চন্দ্রপুর: টানটান উত্তেজনার মধ্য দিয়ে টি টুয়েন্টি ক্রিকেটের সেমিফাইনাল শেষ হয় শুক্রবার। গৌতম রাম মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পৌঁছল বুনিয়াদপুর ও ডালখোলা। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা যুববৃন্দের উদ্যোগে গত ২৩ জানুয়ারি থেকে হরিশ্চন্দ্রপুর বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজার চত্বরে শুরু হয়েছে আট দলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার প্রথম সেমিতে মুখোমুখি হয় কাটিহার ও বুনিয়াদপুর। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩২২ রান করে বুনিয়াদপুর। দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে নির্দিষ্ট ওভারের আগে ১৭৩ রানেই অলআউট হয়ে যায় কাটিহার।১৪৯ রানে জয়ী হয়ে ফাইনালে পৌঁছয় বুনিয়াদপুর।
Advertisement
শুক্রবার দ্বিতীয়দিনের সেমিফাইনালে মুখোমুখি হয় গাজোল ও ডালখোলা। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে ১৩.৩ ওভারে সমস্ত উইকেট হারিয়ে ৯২ রান করে তারা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে সেই রান পেরিয়ে ফাইনালে পৌঁছয় ডালখোলা। আজ, শনিবার ফাইনালে মুখোমুখি হবে বুনিয়াদপুর ও ডালখোলা। টুর্নামেন্টের উদ্যোক্তা কৃষ্ণকুমার রাম বলেন, গৌতম রাম আমার মেজো ভাই। ২০১২ সালে মারা যান। তিনি ছিলেন এলাকার একজন সমাজসেবী ও ক্রিকেটপ্রেমী মানুষ। দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন। তাঁর স্মৃতিতে এই টুর্নামেন্টের আয়োজন। চ্যাম্পিয়ন দলকে ২১ হাজার টাকা সহ ট্রফি ও রানার্স দলকে ১১ হাজার টাকা সহ ট্রফি পুরস্কৃত করা হবে। প্রতিদিন টুর্নামেন্ট দেখতে তুলসীহাটা ও হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন।



