Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তালডাংরায় ট্রেলার ও বাসের সংঘর্ষে জখম ২২

তালডাংরায় ট্রেলার ও বাসের সংঘর্ষে জখম ২২
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার তালডাংরায় বাস ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে ২২ জন জখম হয়েছেন। এদিন সকাল ৯টা নাগাদ তালডাংরা থানার চাঁইপুরের কাছে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে তালডাংরা ও সিমলাপাল থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। জখমদের উদ্ধার করে প্রথমে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক সহ তিনজনের চোট গুরুতর। ওই তিনজনকে পরবর্তীকালে তালডাংরা থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তালডাংরা থানার এক আধিকারিক বলেন, একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করি। তিনজন ছাড়া বাকিদের চোট তেমন গুরুতর ছিল না। দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রেলারটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাসটি হুগলির তারকেশ্বর থেকে খাতড়ার দিকে যাচ্ছিল। সকালের দিকে বাঁকুড়ায় কুয়াশা ছিল। ফলে রাজ্য সড়কের দৃশ্যমানতা কম ছিল। অন্য যানবাহনকে ওভারটেক করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রেলারটিকে বাসের চালক সেভাবে দেখতে পাননি বলেই পুলিস মনে করছে। সেই কারণে সরাসরি সেটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার শব্দ পেয়ে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরাই প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিস স্থানীয়দের সহযোগিতায় সকলকে হাসপাতালে পাঠায়। 
দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রী পীরুলাল হাঁসদা বলেন, আমি বিষ্ণুপুর থেকে বাসে উঠি। বাসের কেবিনে বসেছিলাম। একটি ট্রাক্টর বাসের সামনে যাচ্ছিল। সেটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে হঠাৎ ট্রেলারটি বাসের সামনে চলে আসে। বাসের পাশাপাশি ট্রেলারটিরও ভালো গতি ছিল। ফলে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ