Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তালিবানি শাসন! মৌলবাদীদের তাণ্ডবে বাংলাদেশে বন্ধ মহিলাদের ফুটবল ম্যাচ

তালিবানি শাসন! মৌলবাদীদের তাণ্ডবে বাংলাদেশে বন্ধ মহিলাদের ফুটবল ম্যাচ
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঢাকা: বাংলাদেশে ফের তালিবানি শাসনের ছায়া! মহিলাদের ফুটবল খেলতে দেওয়া যাবে না। এই দাবিতে মাঠে তাণ্ডব চালাল মৌলবাদীরা। মঙ্গলবার বিকেলে রাজশাহী ডিভিশনের জয়পুরহাটের আক্কেলপুরের এই ঘটনার জেরে প্রতিযোগিতা বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। তাঁরা অবশ্য প্রশাসনের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি। যদিও পুলিস বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। 
Advertisement
গত অক্টোবর মাসে মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছিল বাংলাদেশ। এই পরিস্থিতিতে মহিলাদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মৌলবাদীদের তাণ্ডব নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারাই। শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে তালিবানি কায়দায় এমন ফতোয়া জারি নতুন নয়। এর আগে রংপুরের নীলফামারিতে গান বন্ধ করতে কনসার্টের মঞ্চে উঠে পড়ে মৌলবাদীরা। সম্প্রতি অভিনেত্রী পরীমণিকে শোরুমে উদ্বোধন করতে দেয়নি মৌলবাদীরা। বুধবার অভিনেত্রী অপু বিশ্বাসও একটি রেস্তরাঁ উদ্বোধনে যেতে পারেননি।
স্থানীয় সূত্রে খবর, আক্কেলপুরের একটি স্কুলের মাঠে মাস দেড়েক ধরে একটি ফুটবল প্রতিযোগিতা চলছে। কিছুদিন আগেই আয়োজকরা জয়পুরহাট ও রংপুরের দুটি মহিলা দলের মধ্যে প্রীতি ম্যাচের কথা ঘোষণা করে। সেই সময়ও মৌলবাদীরা খেলা বন্ধ করার হুঁশিয়ারি দেয়। মঙ্গলবার ফের আয়োজকরা ম্যাচের কথা ঘোষণা করেন। আর তারপরেই বিভিন্ন এলাকা থেকে মৌলবাদীরা ওই মাঠের কাছে জড়ো হয়। একাধিক মাদ্রাসার পড়ুয়া, শিক্ষক ও ধর্মীয় নেতারাও সেখানে ছিলেন। এরপরই মাঠের চারদিক ঘিরে রাখা টিন ও মঞ্চ ভাঙচুর করা হয়। প্রায় আধ ঘণ্টা ধরে ওই মাঠে তাণ্ডব চলে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, মহিলারা মাঠে খেললে যুবকদের চরিত্র নষ্ট হবে। এতে সমাজ ভালো থাকবে না।
এদিকে, মঙ্গলবার নাম না করে মহম্মদ ইউনুসকে ‘সুদখোর’ বলে উল্লেখ করে অডিও বার্তা দিয়েছিলেন হাসিনা। বুধবার সরাসরি ইউনুসকে হটানোর ডাক দিয়েছেন তিনি। আওয়ামি লিগের ফেসবুক পেজের মাধ্যমে ‘স্বৈরাচারী’, ‘অবৈধ দখলদার’ ও ‘ফ্যাসিস্ট’ ইউনুসকে সরিয়ে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। উগ্র-সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও বলেছেন তিনি। ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে টানা কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামি লিগ। ১৮ তারিখ দেশব্যাপী হরতাল পালন করা হবে।
এর মধ্যেই ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুর শোনা গেল তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরির গলায়। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, হাসিনার আমলে ভারতের সঙ্গে যেসব বৈষম্যমূলক চুক্তি হয়েছিল, সেই সব খতিয়ে দেখা হবে। সীমান্তে চোরাচালানের জন্যও ভারতের দিকে আঙুল তুলেছেন তিনি। আগামী মাসে বিএসফ ও বিজিবির মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এই সব বিষয়গুলি বাংলাদেশ তুলে ধরবে জানান উপদেষ্টা।
Advertisement
সম্পর্কিত সংবাদ